মাদ্রাসা শিক্ষকের কাণ্ড: পিটিয়ে ১০ শিক্ষার্থীকে পাঠালেন হাসপাতালে!
নিউজ ডেস্ক।।
জামালপুরের দেওয়ানগঞ্জে ১০ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাহাদুরাবাদ এ রব সিনিয়র আলীম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম শফিকুল্লাহ মজুন। তিনি ওই মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক। ঘটনার পর এলাকাবাসী শিক্ষক মজনুকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার দুপুরে দশম শ্রেণির শিক্ষার্থী ফাহিম, সৌরভ, তাকাসুম, শিলা, তানজিন্, করিফুল, ইয়াসমিনসহ ১০জন শিক্ষার্থী টিফিন করতে বাড়িতে যায়। এরপর ওইদিন তারা আর মাদ্রসায় আসেনি। মাদ্রাসায় না আসার কারণে বৃহস্পতিবার সকালে শ্রেণিকক্ষে তাদের বেদম প্রহার করেন শিক্ষক মজনু মিয়া।
এতে ওই শিক্ষার্থীরা অজ্ঞান হয়ে যায়। খবর পেয়ে অভিভাবক ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। একপর্যায়ে ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাইনুল হাসান জানান, ১০জনের মধ্যে আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। গুরুতর দুইজন চিকিৎসাধীন।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই ) কামরুজ্জামান জানান, শনিবার সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহার দায়িত্ব নিয়েছেন জনপ্রতিনিধিসহ এলাকাবাসী। ফলে ওই শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে।




