সেই তুফানের সম্পদের তথ্য চেয়েছে দুদক
ডেস্ক রিপোর্ট : বগুড়ায় আলোচিত কিশোরী ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় কারাবন্দি সেই তুফান সরকার এবং তার বড় ভাইকে স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী দাখিল করতে বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৭ কার্যদিবস অর্থাৎ ১৫ মার্চের মধ্যে তা দাখিল করতে হবে।
দুদকের সদর দপ্তর থেকে গত ৬ মার্চ এ সংক্রান্ত দুটি নোটিশ ইস্যু করা হয়েছে। পরদিন ৭ মার্চ তুফান সরকার এবং তার ভাই যুবলীগের বহিস্কৃত নেতা আব্দুল মতিন সরকারের কাছে তা হস্তান্তর করা হয়। দুদকের বগুড়ার সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, এর আগে তুফান সরকার ও মতিন সরকারের সম্পদের অনুসন্ধানকালে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। এ জন্যই দু’জনকে সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বগুড়া কারাগারের জেলার রফিকুল ইসলাম জানান, দুদকের এক কর্মকর্তা গত ৭ মার্চ কারাগারে এসে তুফান সরকারের কাছে তাদের নোটিশ দিয়ে যান।
ভালো কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে ২০১৭ সালের ১৭ জুলাই এক কিশোরীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে বগুড়া শহর শাখা শ্রমিক লীগের তৎকালীন আহ্বায়ক (পরে বহিস্কৃত) তুফান সরকার। এর ১০ দিন পর গত ২৮ জুলাই ওই কিশোরী এবং তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে তাদের মাথা ন্যাড়া করে বেধড়ক পেটানো হয়। উৎস: সমকাল




