205581

পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক।।

বরিশালে পুলিশে চাকরি দেয়ার কথা বলে ১১ লাখ টাকা হাতিয়ে নেবার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেবার প্রলোভন দেখিয়ে তারা এই টাকা আত্মসাৎ করে।

পুলিশ জানায়, পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে একটি চক্র মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে নগরীর পুলিশ হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালটির সিভিল স্টাফ ওয়ার্ডবয় আবু হানিফ, সাইদুর রহমান ও দালাল সেকান্দারকে আটক করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ৪ লাখ টাকা ও ৭ লাখ টাকার একটি চেক।

বরিশাল জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ও মুখপাত্র মো. মফিজুল ইসলাম বলেন, তাদের কাছ থেকে চার লাখ টাকা এবং তারা যে ব্ল্যাঙ্ক চেক ইস্যু করে সেই চেক দুটি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আমরা মামলা নিচ্ছি। জনগণকেও বলছি আপনারা কেউ এ ধরণের প্রতারণায় পা দেবেন না।

বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. জহির বাদী হয়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন। গত চৌঠা মার্চ বরিশাল জেলায় ১শ’ ৬১ টি কনস্টেবল পদে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও ৬ই মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সূত্র : সময় টিভি

ad

পাঠকের মতামত