পদ্মা সেতু প্রকল্প: তৃতীয় স্প্যান খুঁটির কাছে নেওয়া হবে আজ
ডেস্ক রিপোর্ট।।
পদ্মা সেতুর তৃতীয় স্প্যান মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন স্টক ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তের ৩৯ ও ৪০ নম্বর খুঁটির উদ্দেশে নেওয়া হবে আজ। এ জন্য ৩৬০০ টন ওজন ক্ষমতাসম্পন্ন ক্রেনবাহী ভাসমান জাহাজ ‘তিয়ান ই’ এখন মাওয়া প্রান্তের পদ্মার তীরে রাখা হয়েছে। এরই মধ্যে ৩৯ ও ৪০ নম্বর খুঁটি (পিয়ার) দুটি প্রস্তুত রয়েছে তৃতীয় স্প্যানের অপেক্ষায়। পদ্মা সেতু প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, বর্তমানে ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩২০০ টন ওজনের তৃতীয় স্প্যানটি লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বের করে পদ্মার তীরে স্টক ইয়ার্ডে রাখা হয়েছে। আজ স্প্যানটি জাজিরা প্রান্তের ৩৯ ও ৪০ নম্বর খুঁটির উদ্দেশে পাঠানো হবে। এ জন্য ৩৬০০ টন ওজনের ‘তিয়ান ই’ ভাসমান ক্রেনটি মাওয়া প্রান্তে পদ্মার তীরে নোঙরে আছে। প্রকৌশলীরা আরও জানান, দ্বিতীয় স্প্যান খুঁটির স্থানে নিতে বিলম্ব হওয়ায় সে অভিজ্ঞতা নিয়ে তৃতীয় স্প্যান পাঠানোর প্রক্রিয়া চলছে। ১০ মার্চ খুঁটির ওপর বসানোর লক্ষ্য নিয়েই সব কার্যক্রম চলছে। বৈরী পরিস্থিতি দেখা দিলে দু-একদিন পেছাতেও পারে।
প্রকৌশলীরা আরও জানান, চতুর্থ স্প্যান বসানোর কাজও এগিয়ে চলছে। ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান বসানোর জন্য এখন ৪১ নম্বর খুঁটির কাজ এগিয়ে চলছে। এই খুঁটির পাইলের প্রথম ঢালাই হয়ে গেছে। একই সঙ্গে এগিয়ে চলছে জাজিরা প্রান্তে ৪২ নম্বর খুঁটির কাজও। এ খুঁটির লোহার খাঁচা এখন তৈরি করা হচ্ছে। এরপর ঢালাই কাজ শুরু হবে। উৎস: সমকাল




