ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস,অতঃপর…
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে সীমা আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে পৌর এলাকার নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, পৌর এলাকার কেরোয়া গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে সীমার সঙ্গে চার বছর আগে নোয়াগাঁও গ্রামের মোখলেছুর রহমানের (মুকু) ছেলে মনির হোসেনের বিয়ে হয়। দুবাই প্রবাসী মনির দম্পতির কোনো সন্তান নেই। গত ৬ মাস আগে নোয়াগাওঁ গ্রামের জৈনিক আব্দুস সাত্তার সাউদের ঘর ভাড়া নেয় সীমা। বুধবার সকালে সেখানেই তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ দেখতে পায় লোকজন। তবে লাশ যেভাবে পড়ে রয়েছে বিষয়টি রহস্যজনক বলে ধারণা করছেন তারা।
বাড়ির মালিক আব্দুস ছাত্তার সাউদ জানান, বুধবার ভোরে তার স্ত্রী তাদের পাশের ঘরে থাকা সীমাকে নামাজ পড়ার জন্য ডাকতে যান। এ সময় দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলে যায়। পরে তিনি জানালার সঙ্গে ওড়না দিয়ে গলায় পেঁচানো ও অর্ধ বসা অবস্থায় সীমার লাশ দেখতে পান।
সাউদ জানান, রাতে তারা মোবাইল ফোনে (সম্ভবত স্বামীর সঙ্গে) ঝগড়া করতে শুনেছেন সীমাকে।
এদিকে সীমার বোন সুমী বেগম জানান, তার বোনের মৃত্যু রহস্যজনক। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার দাবি জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার সহকারী পরিদর্শক-এসআই মাসুদ আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনালে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




