আর মেয়াদ বাড়ছে না সাড়ে আট হাজার সিএনজি অটোরিকশার
নিউজ ডেস্ক।।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী প্রায় আট হাজার ৪২১টি সিএনজি চালিত অটোরিকশার মেয়াদ আর না বাড়ানোর সুপারিশ করেছে বুয়েট। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) মঙ্গলবার চিঠি পাঠিয়েছে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ।
গত বছরের ডিসেম্বরের এসবের মেয়াদ শেষ হবার পর মালিকদের দাবি অনুযায়ী- এসব ব্যবহারে উপায় আছে কি-না বের করতে সরকার বুয়েটকে চিঠি দেয়। এজন্য গত জানুয়ারি মাসে আরও তিন মাস মেয়াদ বৃদ্ধি করে সরকার।
মঙ্গলবার প্রতিবেদন পাবার পরই তা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. নুরুল ইসলাম জানান এ প্রতিবেদককে।
বুয়েটের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, তারা বলেছেন ২০০২ মডেলের সিএনজিচালিত অটোরিকশাগুলোর মেয়াদ আর বৃদ্ধি না করার জন্য। ২০০৩ সালের অটোরিকশাগুলোর মেয়াদ এ বছরের ডিসেম্বরের পরে আর না বাড়ানোর সুপারিশ করেছেন তারা।
ঢাকা এবং চট্টগ্রামে চলাচলকারী অটোরিকশার ইঞ্জিন এবং গ্যাস সিলিন্ডার প্রতিস্থাপন করে মেয়াদ বাড়ানোর দাবিতে ২০১৬ সালের ২২ নভেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে আবেদন পাঠায় ঢাকা মহানগর অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ।
বিপরীতে এসব অটোরিকশাকে চলন্ত বোমা আখ্যা দিয়ে এসব রাস্তা থেকে উচ্ছেদের দাবিসহ ৮ দফা দাবিতে আন্দোলনে নামে ঢাকা-চট্টগ্রাম সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।
এ সংগঠনের সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল এ প্রতিবেদককে বলেন, বুয়েটের এ সিদ্ধান্তে আমরা খুশি। বুয়েট বের করতে সক্ষম হয়েছে, এসব ব্যবহার ঝুঁকিপূর্ণ।




