204705

বুবলীদের নয় পপিদের স্বাস্থ্যসেবা দেবে ইনসাফ বারাকাহ!

বিনোদন ডেস্ক।।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তালিকাভুক্ত শিল্পীদের বিশেষ ছাড়ে স্বাস্থ্য সেবা দেবে ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল।
বিএফডিসিতে সম্প্রতি শিল্পী সমিতির কার্যালয়ে সমিতির সদস্য পদ যাচাই বাছাই শেষে দুই পক্ষের উপস্থিতিতে এ চুক্তি করা হয়। এ চুক্তির আওতায় শিল্পী সমিতির সদস্যরা নির্দিষ্ট ডিসকাউন্ট পাবেন।

এ সময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি, রিয়াজ, সাধারন সম্পাদক জায়েদ খান, সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য পপি এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, এ্যাসিসটেন্ট ম্যানেজার মো. মনিরুজ্জামান, মাকেটিং এক্সিকিউটিভ মো. হিরো মিয়াসহ দুই পক্ষের আর ও অনেকেই উপস্থিত ছিলেন।

তবে যারা নিয়ম না মেনে সদস্য হয়েছেন তারা এই সেবা থেকে বঞ্চিত হবেন বলে ধারনা করা হচ্ছে। চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৫ (ক) ধারায় আছে, ‘বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত ন্যূনতম পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অবিতর্কিত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করিলে তিনি পূর্ণ সদস্যের জন্য আবেদন করিতে পারিবেন, কার্যকরী পরিষদে তাঁর আবেদন গৃহীত হইলেই তিনি পূর্ণ সদস্যপদ লাভ করিবেন এবং তিনি ভোটাধিকারসহ কার্যকরী পরিষদের যেকোনো পদের জন্য যোগ্য বলিয়া বিবেচিত হইবেন। পূর্ণ সদস্যপদের জন্য আবেদনকারীকে পেশাগতভাবে অবশ্যই চলচ্চিত্র অভিনয়শিল্পী হইতে হইবে।’

গত বছর নতুন করে যে ৮২ জনকে পূর্ণ সদস্যপদ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে নায়িকা বুবলী, মিষ্টি জান্নাত, অধরা খান, ডি এ তায়েব, শান, প্রিন্স, শ্রাবণ খান, শিল্পী সরকার, শরীফ চৌধুরী, তিতান চৌধুরীসহ অনেককেই গঠনতন্ত্র না মেনে পূর্ণ সদস্য করা হয়েছে। যে সময় তাঁদের সদস্য করা হয়, সে সময় তাঁদের কারও কারও একটি ছবিও মুক্তি পায়নি, কারোর একটি-দুটি করে ছবি মুক্তি পেয়েছে।

নিয়মবহির্ভূতভাবে হওয়া পূর্ণ সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘তাঁদের সদস্যপদ বাতিল হবে। তা ছাড়া অনেকে আছেন, যাঁরা অন্য পেশায় চলে গেছেন, তাঁরাও বাদ পড়বেন। যাঁরা শিল্পী সমিতির সদস্যপদের অপব্যবহার করছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সব মিলে ২০০ জন বাদ পড়তে পারেন।’

ad

পাঠকের মতামত