204442

মুঠোফোন নিয়ে ব্যস্ত থাকা সেই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তায় নিয়োজিত দুই পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার জন্য প্রত্যাহার করে পুলিশ লাইনে নেয়া হয়েছে।

রোববার রাত সোয়া ১০টায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ আব্দুল ওয়াহাব এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষনিকভাবে তাদের নাম জানান নি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ড. জাফর ইকবালের ওপর হামলার সময় নিরাপত্তায় নিয়োজিত ওই দুই পুলিশ সদস্য মুঠোফোন নিয়ে ব্যস্ত ছিলেন।

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠানে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথা, পিঠে ও হাতে ছুরিকাঘাত করে ফয়জুল নামে এক যুবক। পরে হামলাকারীকে শিক্ষার্থীরা ধরে পিটুনি দিয়ে আটকে রাখে। পরে রাত সাড়ে ৯টায় র‌্যাব তাকে উদ্ধার করে প্রথমে রাগীব রাবেয়া হাসপাতালে ও পরে সিলেট সিএমএইচ হাসপাতালে ভর্তি করে।

আর অধ্যাপক জাফর ইকবালকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর রাতেই হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় সিএমএইচ হাসপাতালে নেয়া হয়।

ad

পাঠকের মতামত