পরীক্ষার হলে ছাত্রীদের নগ্ন করে তল্লাশি!
পুণের এমআইটি বিশ্বশান্তি গুরুকূল স্কুলে পরীক্ষার হলে ঢোকার আগে ছাত্রীদের নগ্ন করে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে দুই স্কুলকর্মীর বিরুদ্ধে।
এই অভিযোগ ওঠার পরে, অভিযুক্ত ওই দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৩ মার্চ) থেকে মহারাষ্ট্র উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের অধিনে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন ওই স্কুলে ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছিলেন ছাত্রীরাও।
পরীক্ষার্থী ওই ছাত্রীরা অভিযোগ করে বলেন, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে তারা জানতে পারে, নির্দিষ্ট তল্লাশির পরই তাদের হল ঘরে ঢুকতে দেওয়া হবে। চিট পেপার নিয়ে কেউ পরীক্ষার হলে ঢুকছে কি না তা দেখার জন্যই এই তল্লাশি করা হচ্ছে বলে সেখানে গিয়ে জানতে পারে তারা।
ছাত্রীরা তাদের অভিযোগ আরো জানান, তল্লাশির নামে সেখানে ছাত্রীদের জোর করে নগ্ন করে ওই কর্মীরা।
এ ঘটনার এরপরই ক্ষোভে ফেটে পড়ে ছাত্রীরা। পরীক্ষা শেষ হওয়া মাত্রই লোনি কালভোর পুলিশ থানায় ওই দুই কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তারা।
যদিও এ বিষয়ে স্কুলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।




