সামরিক শক্তিতে ভারত চতুর্থ, পাকিস্তান ১৩তম
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনী বিশ্বের ১৩তম শক্তিশালী বাহিনী বলে বৈশ্বিক সামরিক শক্তি সূচকে উঠে এসেছে। শক্তির বিচারকে ভারতীয় বাহিনীকে রাখা হয়েছে চতুর্থ স্থানে।
গ্লোবাল ফায়ারপাওয়ার (জিএফপি) তাদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে। জিএফপি ১৩৩টি দেশের অর্ধশতাধিক বিষয় বিবেচনা করে এ তালিকা প্রণয়ন করেছে। যেসব বিষয় তারা বিবেচনা করে তার মধ্যে রয়েছে ব্যক্তিগত শক্তি সূচক (পিআই) স্কোর, স্থল, সাগর ও বিমানবাহিনীর প্রচলিত যুদ্ধ করার সামর্থ্য।
তালিকা প্রণয়নের সময় সংস্থাটি প্রতিটি দেশের হাতে থাকা অস্ত্র, অর্থনৈতিক ভিত্তি, ভৌগোলিক অবস্থানও বিবেচনায় নিয়েছে। প্রতিটি সামরিক বাহিনীকে ব্যক্তিগত ও সম্মিলিত উপাদান হিসেবে বিচার করা হয়। তাছাড়া অস্ত্রের সংখ্যা নয়, বরং বৈচিত্র্যকে তারা বেশি গুরুত্ব দেয়। তবে পরমাণু অস্ত্রের হিসাবটি তারা বিবেচনা করে না। তারা একে বোনাস পয়েন্ট হিসেবে গ্রহণ করে। আর ভৌগোলিক অবস্থান ও জনশক্তিকে তারা বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। কোনো বিশেষ দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে তারা বিবেচনা করে না।
২০১৭ সালের বার্ষিক জিএফপি পর্যালোচনায় পাকিস্তান সশস্ত্র বাহিনীর স্কোর হিসাব করা হয়েছে ০.৩২৮৭। বর্তমানে দেশটি তার বার্ষিক বাজেট থেকে সামরিক উদ্দেশ্যে বরাদ্দ করে সাত বিলিয়ন ডলার।
পিআই স্কোরে জনশক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবেদনে বলা হয়েছে, বেশি জনশক্তি থাকলে যুদ্ধে সুবিধা পাওয়া যায়। পাকিস্তান সামরিক বাহিনীর মোট সদস্য ৯ লাখ ১৯ হাজার। এর মধ্যে ৬ লাখ ৩৭ হাজার সক্রিয় রয়েছে। দেশটির সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের মতো জনশক্তি হচ্ছে ৯৫ লাখ মানুষ।
পাকিস্তানের বিমান ও হেলিকপ্টারের মোট সংখ্যা হচ্ছে ৯৫১টি। এই তালিকায় সশস্ত্র বাহিনীর সব বিভাগের বিমানের সংখ্যা হিসাব করা হয়েছে। পিএফপি অনুযায়ী, পাকিস্তানের জঙ্গি বিমান রয়েছে ৩০১টি, অ্যাটাক বিমান ৩৯৪টি, হেলিকপ্টার ৩১৬টি। এগুলোর মধ্যে ৫২টি অ্যাটাক চপার।
জিএফপি তথ্য অনুযায়ী, পাকিস্তানের রয়েছে ২,৯২৪টি ট্যাংক। এছাড়া রয়েছে ২,৮২৮টি সাজোঁয়া যুদ্ধযান, ১৩৪টি রকেট প্রজেক্টর।
আর পাকিস্তান নৌবাহিনীর যানের সংখ্যা ১৯৭টি। এদের মধ্যে ১৭টি টহল যান, ৮টি সাবমেরিন, ১০টি ফ্রিগেট।
বিপরীত দিকে ভারতের স্কোর ০.১৫৯৩। জিএফপি অনুযায়ী, ভারতে সামরিক বাহিনীর জন্য বার্ষিক বাজেট বরাদ্দ ৫১ বিলিয়ন ডলার। পাকিস্তানের চেয়ে তা প্রায় সাত গুণ বেশি।
পাকিস্তানের চেয়ে তার জনসংখ্যা পাঁচ গুণ বেশি। তার সামরিক বাহিনীর সদস্য ৪২ লাখ ৭২৫০। এদের মধ্যে সক্রিয় দায়িত্বে রয়েছে ১৩ লাখ ৬২ হাজার ৫০০। মোট বিমান যেখানে পাকিস্তানের ৯৫১টি, সেখানে ভারতের ২ হাজার ১০২টি। ইন্টারসেপ্টর ৬৭৬টি, অ্যাটাক বিমান ৮০৯টি, হেলিকপ্টার ৬৬৬টি। ব্যাটল ট্যাংক, সাজোঁয়া যান, নৌ সম্পদ, সাবমেরিন ইত্যাদি সবই পাকিস্তানের প্রায় দ্বিগুণ আছে ভারতের।




