মগজে আঘাত লাগেনি, তিনি শঙ্কামুক্ত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের শরীরে ছয়টি আঘাত লাগলেও মগজে কোনো আঘাত লাগেনি। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জাফর ইকবালের স্বাস্থ্যগত পরিস্থিতি নিয়ে আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) প্রশাসনিক ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
সিএমএইচের কনসালট্যান্ট সার্জন মেজর জেনারেল মুন্সী মুজিবুর রহমান বলেন, ড. জাফর ইকবালের শারীরিক অবস্থা সম্পূর্ণরূপে আশঙ্কামুক্ত। তার জ্ঞান রয়েছে, তিনি সচেতন। তাঁর মানসিক অবস্থাও ভালো।
তিনি বলেন, জাফর ইকবালের মাথার পেছনে ছোট চারটি, পিঠের ওপরের দিকে একটি এবং বাম হাতে একটি আঘাত করা হয়েছে। মাথার আঘাত স্কিন (চামড়া) ও মাসলে (পেশী) লেগেছে, ব্রেনে (মগজ) লাগেনি। পেটেও কোনো আঘাত নেই। সকালে তিনি পানি জাতীয় খাবার খেয়েছেন।
চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে চিকিৎসক বলেন, সংক্রমণ রোধে এবং দ্রুত আরোগ্যের জন্য এখন অধ্যাপক জাফর ইকবালের কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
জাফর ইকবালকে বিদেশে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে মুন্সী মুজিবুর রহমান আরও বলেন, ‘এখন এমন কিছু আমরা বলছি না। পরবর্তী সময়ে তিনি যদি পর্যবেক্ষণের জন্য যেতে চান, তবে যেতে পারেন।’
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, সিএমএইচের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান, চিফ সার্জন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলার সময়ে জাফর ইকবালের ওপর হামলা করে ফয়জুর রহমান। এ সময় তার মাথায় ছুরিকাঘাত করে হামলাকারী।
ঘটনার পর পরই জাফর ইকবালকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচ ভর্তি করা হয়।




