কার্টনে লাশ, গাছতলায় লাশ!
ফরিদপুর শহর থেকে একটি কাগজের কার্টনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে শহরের আলীপুর পৌর গোরস্থানে দাফন করা হয়। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) ফরিদপুর শহরের চলকমলাপুর এলাকায় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাতটার দিকে শহরের চলকমলাপুর এলাকায় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাসার সীমানা প্রাচীরের উপর কাগজের কার্টন দেখতে পান পথচারীরা। কৌতুহলবশত সেটি খুলে দেখেন ভেতরে সদ্যজাত একটি শিশুর মৃতদেহ। পথচারীরাই পুলিশকে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম নাসিম বলেন, কেউ লুকানোর জন্য শিশুটির লাশ কার্টনের মধ্যে ভরে ওখানে রেখে থাকতে পারে। কোন ওয়ারিশ না পাওয়ায় দুপুরে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে শিশুটির লাশ দাফন করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে নওগাঁ শহরের সুলতানপুর মধ্যপাড়া মহল্লা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে গাছের তলায় ফেলে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোরিকুল ইসলাম জানান, নবজাতকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।




