203176

‘প্রস্তাব পাওয়া সত্ত্বেও ‘না’ বলতে হয়েছে’

বিনোদন.কম।।

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। বর্তমানে তিনি উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ নামের ছবিতে কাজ করছেন। গত কয়েকদিন ধরে এ ছবির দৃশ্যধারণের কাজ চলছে এফডিসিতে। এ সময় শাকিব খানের সঙ্গে বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাইলে তিনি মানবজমিনকে বলেন, আমি অল্প কয়েকদিনে বেশকিছু নতুন ছবির প্রস্তাব পাওয়া সত্ত্বেও ‘না’ বলতে হয়েছে। এর পেছনে অবশ্য একটা বড় কারণও রয়েছে। ছবির গল্প, বাজেট সবকিছু জানার পর আমার সঙ্গে মতের মিল হয়নি।

আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, দরকার হলে বছরে এক থেকে দু’টি ছবি করব। দর্শকের কথা চিন্তা করেই আমি এটা মনস্থির করেছি। কারণ, এখন দর্শককে খুশি করতে হবে। দেশের চলচ্চিত্র এখন আন্তর্জাতিক পর্যায়ে চলছে। শাকিব খান এ প্রসঙ্গে আরো বলেন, দেশের বাইরে এখন বিভিন্ন ভাষাভাষীর দর্শক বাংলা ছবি দেখছে। এই যেমন আমার অভিনীত ‘শিকারি’, ‘নবাব’ শুধু দেশে না দেশের বাইরেও সমান জনপ্রিয়তা পেয়েছে। দেশের বাইরে বিভিন্ন দেশে প্রায় এক কোটি বাংলাদেশি বসবাস করে। সেখানে বেশ বড় একটা ছবির বাজার তৈরি হয়েছে। সকলে ভালো ছবি দেখতে চায় এখন। সেই কথা মাথায় রেখে সামনের কাজগুলোতে হাত দেবো।

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবির পর ‘ভাইজান এলো রে’ ছবির কাজ শুরু করবেন বলে জানান শাকিব খান। জয়দ্বীপ মুখার্জির পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে কলকাতার শ্রাবন্তী ও পায়েল অভিনয় করবেন। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়। শ্রাবন্তী এর আগে শাকিবের সঙ্গে ‘শিকারি’ ছবিতে অভিনয় করেন। ২০১৬ সালের এ ছবিটি দুই বাংলাসহ দেশের বাইরে দর্শকরা বেশ পছন্দ করেছে।

‘ভাইজান এলো রে’ ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শাহেদ আলী, দীপা খন্দকার, মুনিরা মিঠু, কলকাতার রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ। উল্লেখ্য, শাকিব খান অভিনীত এ বছরের চলতি মাসে ‘আমি নেতা হব’ ছবিটি মুক্তি পায়। উত্তম আকাশ পরিচালিত এ ছবিতে ওমর সানী, মৌসুমী ও বিদ্যা সিনহা মিম অভিনয় করেন।

ad

পাঠকের মতামত