203035

আইনজীবীদের ভুলে খালেদা জিয়া জেলে : আইনমন্ত্রী

বিএনপির আইনজীবীদের ভুলের কারণে খালেদা জিয়া আজ জেলে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল জাস্টিস কো-অর্ডিনেশন কমিটির (এনজেসিসি) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ নিজস্ব আইন-কানুন ও গতিতে চলে। এখানে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আইনজীবীদের ভুলের কারণে খালেদা জিয়া আজ জেলে। তার আইনজীবীরা আইনি প্রক্রিয়ায় না লড়ে বরং সরকারকে দোষারোপ করে যাচ্ছেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নিম্ন আদালতের নথিপত্র (এলসিআর) দেখার ক্ষমতা আদালতের রয়েছে। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

খালেদা জিয়ার জামিনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আদালত যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমাদের কিছু বলার নেই।’

১২৮ বছরের পুরনো কারাবিধি সংশোধন হওয়া দরকার বলেও মন্তব্য করেন আইমন্ত্রী। তিনি বলেন, ‘এ লক্ষ্যে ‘প্রিজনার কারেকশন অব সেন্ট্রাল অ্যাক্ট-২০১৮’ জাতীয় সংসদে উত্থাপনের বিষয়ে আলোচনা চলছে।

আইনমন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে যে কারাবিধি আইন আছে তা ১৮৯৪ সালের। ১২৪ বছর আগে ব্রিটিশ সরকার আমাদের কষ্ট দেওয়ার জন্য এ আইন তৈরি করেছিল। নতুন যে আইন করার পরিকল্পনা করা হচ্ছে, সেখানে আসামিদের কারাগারে শৃঙ্খলা শিক্ষা দেওয়া হবে। যাতে পরবর্তীতে জেল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।’

আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন, পুলিশের অ্যাডিশনাল আইজি মোখলেসুর রহমান, সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব বিকাশ কুমার শাহা প্রমুখ।
সূত্র: দৈনিক আমাদের সময়

ad

পাঠকের মতামত