202636

এক ম্যাচে মেসির দুই রেকর্ড

ক্রীড়া ডেস্ক।।

জিরোনার বিপক্ষে বার্সেলোনা ৬-১ গোলের বড় জয় পেয়েছে। এই ম্যাচে গোল করে এবং করিয়ে দারুণ দুটি রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। লা লিগায় সবচেয়ে বেশি দলের বিপক্ষে গোল করার রেকর্ডটি এখন তার দখলে। গড়েছেন স্পেনের শীর্ষ লিগে সবচেয়ে বেশি করানোর রেকর্ড।

প্রথমার্ধে গোল করে অ্যাথলেটিক বিলবাওয়ের স্ট্রাইকার আরিৎস আদুরিসকে ছাড়িয়ে লা লিগায় সবচেয়ে বেশি ৩৬টি ভিন্ন দলের বিপক্ষে গোল করার রেকর্ড গড়েন মেসি। তিনটি ক্লাব ছাড়া স্পেনের শীর্ষ লিগে এখন পর্যন্ত মুখোমুখি হওয়া সবগুলো দলের বিপক্ষে গোল করেছেন আর্জেন্টিনার এই খেলোয়াড়। তিনটি ক্লাবের মধ্যে কাদিস আছে এখন দ্বিতীয় সারির লিগে; রিয়াল মুর্সিয়া তৃতীয় সারি ও হেরেস চতুর্থ সারির লিগে আছে।

ম্যাচটিতে নিজে গোল করার আগে সুয়ারেজকে দিয়ে গোল করিয়ে বার্সেলোনাকে সমতায় ফেরান মেসি। তাতে লা লিগায় ৩০ বছর বয়সী এই খেলোয়াড়ের মোট ‘অ্যাসিস্ট’ হয় ১৪৮টি। লা লিগার টুইটারে জানানো হয়, গোল করানোর দিক থেকে এই লিগে রেকর্ড গড়েছেন মেসি। অবশ্য এ নিয়ে পর্যাপ্ত তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। তবে কাতালান-ভিত্তিক ক্রীড়া দৈনিক স্পোর্ত গত সপ্তাহে জানিয়েছিল, ১৪৭টি গোল করিয়ে রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার মিচেলের পাশে নাম লিখিয়েছিলেন মেসি।

ad

পাঠকের মতামত