বিএনপির কালো পতাকা কর্মসূচিতে পুলিশের বাধা, আটক কমপক্ষে ৩০
কালো পতাকা কর্মসূচির সময় রাজধানীতে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর লাঠিপেটা ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এ সময় কমপক্ষে ৩০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে বিএনপির কর্মসূচি শুরু হলে এ হামলা চালায় পুলিশ।
এর আগে সকাল ১০টার দিকে কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। পরে কালো পতাকা প্রদর্শন শুরু হলেই বাধা দেয় পুলিশ। এর এক পর্যায়ে লাঠিপেটা করে কর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ব্যবহার করা হয় জলকামান। এতে অনেকেই আহত হন। বর্তমানে নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ আছেন। কার্যালয় থেকে বের হলেই তাদের আটক করা হচ্ছে।
পুলিশের হামলায় আহতদের মধ্যে—ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনিসহ অনেকেই রয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কার্যালয়ের ভেতর থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিনা উস্কানিতে পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আটক করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে। তাদের মধ্যে সাত থেকে আট জন নারী রয়েছেন।
হামলার বিষয়ে জানতে চাইলে মতিঝিল জোনের ডিসি শিবলি নোমান বলেন, সমাবেশের জন্য বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি। আদেশ ভঙ্গ করে তারা রাস্তার ওপর কর্মসূচি করছিল। এ কারণে তাদের আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে জনসভার অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি দেয় বিএনপি।
সূত্র: দৈনিক আমাদের সময়




