‘মেসির ছায়া থেকে বের হতে নেইমারকে ফুটবল ছাড়তে হবে’
ব্রাজিল-আর্জেন্টিনা। এই দুই নামে ভাগ হয়ে যায় ‘গোটা’ ফুটবল বিশ্ব। একদিকে পেলে, অন্যদিকে ম্যারাডোনা। সর্বকালের সেরা কে? তর্কের সমাধান হয়তো কোনদিনই হবে না। এরইমধ্যে ফুটবল অ্যারেনায় আবির্ভাব লিওনেল মেসির। এসেই গড়বড় করে দিয়েছেন আগের সব হিসেব নিকেশ। অনেকের মতে মেসি ছাড়িয়ে গেছেন পেলে-ম্যারাডোনাকে।
তবে দীর্ঘদিন চলতে থাকা আর্জেন্টাইন মেসির সম্রাজ্যে হানা দিচ্ছেন আরেক ব্রাজিলিয়ান নেইমার জুনিয়র। নিজেকে প্রমাণ করতে ব্রাজিল ছেড়ে পাড়ি জমিয়েছেন উইরোপে। তবে সৌভাগ্য অথবা দুর্ভাগ্য যেটাই বলা হোক না কেন, মেসির ক্লাব বার্সেলোনাতেই জায়গা হয়েছিলো তার। ভালো খেলার পরেও সেখানে মেসির ছায়া থেকে বের হয়ে সর্বেসর্বা হয়ে উঠতে পারেননি নেইমার। অনেকেই দাবি করেন, এই কারণেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন তিনি।
প্যারিসে এসে অবশ্য একের পর এক ঝলক দেখিয়ে চলেছেন নেইমার। ইঙ্গিত ইতিহাসের পাতায় লিজেন্ডদের কাতারে নাম লেখানোর। তবে বার্সেলোনা ছেড়ে আসলেও মেসির ছায়া থেকে কখনোই বের হতে পারবেন না নেইমার। এমনটাই দাবি মেসির সাবেক ক্লাব সতীর্থ ফরাসি তারকা থিয়েরি হেনরির।
তার মতে শুধু বার্সেলোনাতেই নয়, মেসির ছায়ার নিচে পুরো ফুটবল দুনিয়া। তাই এখান থেকে নেইমারকে বের হতে হলে ফুটবল ছেড়ে অন্য খেলা ধরতে হবে তাকে।’
নেইমারের উপর মেসির ছায়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে হেনরি বলেন, ‘আমি জানি না নেইমার মেসির ছায়া থেকে বের হবার জন্য বার্সেলোনা ছেড়েছে কিনা। তবে সত্যিটা হলো, সব খেলোয়াড়ই মেসির ছাড়ার নিচে আছে এবং নেইমার যদি এই ছায়ার নিচে থাকতে না চায় তাহলে তাকে খেলাটাই পরিবর্তন (অন্য খেলা শুরু করতে হবে) করতে হবে।’




