জিতের সঙ্গে আছেন অন্য নায়িকাও
বাংলাদেশের নুসরাত ফারিয়ার সঙ্গে তিনটি সিনেমায় অভিনয় করেছেন কলকাতার জিৎ। ‘ইন্সপেক্টর নটি কে’ বাদে বাকি দুই সিনেমায় নুসরাতের পাশাপাশি ভারতীয় নায়িকাও ছিল।
এ নায়কের নতুন সিনেমায়ও তেমনটি হচ্ছে। এবার অবশ্য নুসরাত ফারিয়া নন, বাংলাদেশ থেকে নায়িকা হচ্ছেন বিদ্যা সিনহা মিম। ‘সুলতান দ্য সেভিয়ার’ নামের সিনেমাটিতে থাকছেন ভারতীয় নায়িকা প্রিয়াঙ্কা সরকার।
আনন্দবাজার পত্রিকা জানায়, ২১ ফেব্রুয়ারি কলকাতার সল্টলেকের ন্যাশনাল ইন্সটিটিউট অব ফ্যাশন টেকনোলজির ক্যাম্পাসে ‘সুলতান দ্য সেভিয়ার’-এর শুটিং শুরু হয়। সেখানে ট্যাক্সি চালকের ভূমিকায় দেখা যায় জিতকে।
জিৎ বলেন, ‘এই ছবিটায় আমার চরিত্রটিতে অন্তত তিনটে লেয়ার আছে। বেশ চ্যালেঞ্জিং। এই রকম কাজ আগে কখনো করিনি। এখন আমাকে যেমন দেখছেন, তেমন থাকব না গোটা ছবিতে। যে লুকে আসব, সেভাবে আমাকে আগে দেখেননি দর্শক।’
শুটিং স্পটে ছিলেন প্রিয়াঙ্কা। জিতের সঙ্গে এর আগে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’-এ অভিনয় করলেও প্রিয়াঙ্কা ছিলেন আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে।
জিৎ দাবি করলেন ‘সুলতান দ্য সেভিয়ার’ রিমেক নয়। তিনি বলেন, ‘আমাদের একটা থিংক ট্যাঙ্ক আছে। সেই ট্যাঙ্কের সদস্যদের মধ্যে বিভিন্ন প্লট নিয়ে তুমুল তর্ক-বিতর্ক হয়। আর এই ঝগড়া করতে করতেই তৈরি হয়ে যায় ছবির গল্প। এটাও তাই।’
সিনেমাটি পরিচালনা করছেন রাজা চন্দ। আগেই শোনা গিয়েছিল জিতস ফিল্মওয়ার্কস ও জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে হচ্ছে ‘সুলতান’।
এ প্রসঙ্গে পরিচালকের ভাষ্য ভিন্ন— ‘এখনই এ নিয়ে কিছু বলতে চাই না। তবে এটা ঠিক যে, বাংলাদেশে জিতের প্রচুর ভক্ত রয়েছেন। তাদের কথা তো মাথায় রাখতেই হবে।’
সিনেমাটি মুক্তি পাবে ঈদুল ফিতরে।




