ইংরেজিতে লিখে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে ইংরেজীতে লিখে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করার অভিযোগ উঠেছে। এ নিয়ে শহীদ মিনারে ফুল দিতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে মির্জাপুর উপজেলা সদরের থানা রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা গেছে ফুলের তোরার মধ্যে বাংলার পরিবর্তে ইংরেজীতে লেখা সিলেস্ট ইন্টারন্যাশনাল স্কুল।
জানা গেছে, সিলেস্ট ইন্টারন্যাশল স্কুল মির্জাপুর থানার ২শ গজ পুর্বে বাইমহাটি পালপাড়ায় মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মো. নুরুল ইসলামের বাসা ভাড়া বাসা নিয়ে স্কুল পরিচালনা করে আসছে। প্রতি বছরই একুশে ফেব্রুয়ারি এলেই এই প্রতিষ্ঠানের পরিচালক, অধ্যক্ষ ও শিক্ষক কর্মচারীরা বাংলা ভাষা ব্যবহার না করে ইংরেজীতে লেখা সিলেস্ট ইন্টারন্যাশনাল স্কুল লিখে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করে আসছে।
এ ব্যাপারে সিলেস্ট ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও অধ্যক্ষ ইসমতারা সুপ্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে ফুলের তোরার মধ্যে বাংলায় লিখতে হবে এটা আমার জানা ছিল না। ইংরেজীতে লেখা ঠিক হয়নি। এটা ভুল হয়ে গেছে।




