পরতে হবে চটি, করতে হবে পাশ। পরীক্ষার হলে আজব ফাঁদ
পরীক্ষা হলে নকল রুখতে বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়ম আরোপ হতে দেখা যায়। কয়েকদিন আগে উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কড়া নিরাপত্তা ছিল। সেই পথে হাটতে গিয়ে একেবারে অভিনব পদক্ষেপ নিল বিহারের স্কুল শিক্ষা বোর্ডের কর্তারা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিহার স্কুল এগজামিনেশন বোর্ড রবিবার একটি নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলাকালীন প্রত্যেক ছাত্র-ছাত্রীকে চটি পরে আসতে হবে।
এবছর গোড়া থেকেই নকল রুখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিহারের স্কুল বোর্ড। কয়েকদিন আগে বিহারের দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয়। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও ব্যাপক হারে টোকাটুকি হয় বলে অভিযোগ। ইতিমধ্যে পরীক্ষা হলে নকল করার অপরাধে প্রায় এক হাজার ছাত্র-ছাত্রীকে শাস্তিও দেওয়া হয়েছে।
সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আসন্ন দশম শ্রেণির পরীক্ষায় আঁটঘাট বেঁধে নেমেছেন বিহারের স্কুল বোর্ডের কর্তারা। জুতো পরা থাকলে তার মধ্যে ছোট চিরকুট জাতীয় কাগজ থেকে নকল হতে পারে। সেই আশঙ্কা থেকে পরীক্ষার সময়ে জুতো পরে আসার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পড়ুয়াদের শুধুমাত্র চটি পরে আসতে বলা হয়েছে পরীক্ষাহলে। প্রসঙ্গত, আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিহারের দশম শ্রেণির পরীক্ষা।
তবে পরীক্ষাহলে নকল রুখতে এহেন উদ্যোগ অভিনব বলে মনে করছেন অনেকে।




