শিল্পী সমিতির সদস্য পদ হারাচ্ছেন ২৫০ জন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ হারাচ্ছেন ২৫০ জন সদস্য। সমিতির কার্যনির্বাহী কমিটিসহ এক সভায় সম্প্রতি সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, যারা চলচ্চিত্রের নিয়মিত অভিনয়শিল্পী না হয়েও সদস্যের কার্ড নিয়েছেন তাদেরকে আর সমিতির সদস্য হিসেবে রাখা হবে না।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিডি২৪লাইভকে বলেন, ‘শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী শিল্পী সমিতির সদস্য হতে হলে তাকে কমপক্ষে পাঁচটি চলচিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে হয়। কিন্তু বর্তমানে এখন অনেক শিল্পী আছে যারা ১টি ছবিতেও অভিনয় করেননি। এমন সদস্যদের আমরা সমিতির সংবিধান অনুযায়ী রাখতে পারব না। আর তাই শিল্পী সমিতির উপদেষ্টা কমিটি এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আগামী ২৮শ ফেব্রুয়ারি সমিতির কক্ষে সদস্যদের ডেকে যাচাই-বাছাই করে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মোট সদস্য সংখ্যা ৬২৪ জন। তবে শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী এবার ২৫০ জনের সদস্য পদ বাতিল হবে।




