বাংলাদেশে সাফল্যর রহস্য ফাঁস করলেন হাথুরু, জবাবে যা বললেন মাহমুদুল্লাহ
হাথুরুসিংহের গোমর ফাঁস করার বিষয়টি শুরুতে অনুমান করেছিলেন ক্রীড়া সাংবাদিকরা। তারাই বাংলাদেশের জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর এবং ক্রিকেটারদের কাছে জানতে চেয়েছিলেন, সবার হাঁড়ির খবর যদি নতুন শিষ্যদের কাছে ফাঁস করে দেন হাথুরু? এই আশঙ্কা বাংলাদেশি ক্রিকেটাররা হেসে উড়িয়ে দিলেও খোদ হাথুরুসিংহে স্বীকার করলেন, পার্থক্য গড়ে দিয়েছে এই বিষয়টাই!
বাংলাদেশের সদ্য সাবেক কোচ আজ শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের বললেন, ‘আমার মনে হয়…সত্যি বলতে, বড় পার্থক্য গড়ে দিয়েছে। ওদের ক্রিকেটারদের বেশ কজনকে নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। জানতাম চাপের মধ্যে ওরা কেমন করে, কীভাবে খেলে।’
সাবেক কোচের এমন মন্তব্য সম্পর্কে মাহমুদ উল্লাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে উনি আমাদের সঙ্গে ছিলেন, উনি আমাদের সঙ্গে কাজ করেছেন। আমাদের খুঁটিনাটি সবকিছু সম্পর্কে খুব ভালো জানেন। কন্ডিশন বলেন বা এখানকার আবহ, সবকিছু নিয়েই উনার একটা ভালো ধারণা ছিল। যেটা উল্লেখ করলেন যে, উনি এটা স্বীকার করেছেন। হ্যাঁ, আমাদের সঙ্গে তথ্যগুলো তো অবশ্যই কাজে লাগার কথা।’
কিন্তু হাথুরুর কৌশলের চেয়েও ব্যর্থতার বড় কারণ হিসেবে নিজেদের সমালোচনা করলেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, উনি বেশ উঁচু মানের কোচ। উনার সামর্থ্য আছে আমাদের সম্পর্কে ধারণাগুলো কাজে লাগানোর। আবার একই সঙ্গে বলতে হবে, আমরা যদি আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারতাম, হয়তো জিনিসগুলো অত কাজে দিত না। আমরা আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারিনি। আমাদের যে পরিকল্পনাগুলো ছিল, আমরা ওদের সঙ্গে যেভাবে খেলব, ওই জিনিসগুলো আমরা ঠিকমতো করতে পারিনি।’
আত্মসমালোচনা করে রিয়াদ আরও বলেন, ‘নিজেদের কাজগুলো ঠিকমতো করতে পারলে হয়তো ফলটা আমাদের ঘরে থাকত। আজকে ভিন্ন চিত্র থাকত। ঠিক কথা যে, উনার ওই তথ্যগুলো অবশ্যই উনার কাজে লাগার কথা। যেহেতু উনি স্বীকার করেছেন। কিন্তু আমার মনে হয় যে, আমাদেরই বেশি দায়িত্ব ছিল ভালো কিছু করার। কিন্তু দুর্ভাগ্যক্রমে হয়তো আমরা করতে পারিনি। তবে শেষ ম্যাচটাতে আমরা কিছু করে দেখাতে আমরা আশাবাদী।’




