জনগণের ভীড় ‘নেতা’কে দেখতে! (ভিডিও)
বিনোদন.কম।।
একজন ভালো নেতাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য জনগণ ভীড় জমাবে, এটাই স্বাভাবিক। তবে আমরা যেই নেতার কথা আলোচনা করবো, তিনি রাজনৈতিক কিংবা কোনও সাংগঠনিক নেতা হন। তিনি শাকিব খান। যিনি সিনেমার পর্দাতেই হয়েছেন নেতা।
হ্যাঁ বলছি ‘আমি নেতা হবো’ ছবির কথা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দেশব্যাপী শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। উত্তম আকাশ পরিচালিত এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। দীর্ঘ ৯ বছর পর তারা একসঙ্গে অভিনয় করেছেন।
কামব্যাক করেই এই জুটি বাজিমাত করেছে। সিনেমা হলে দর্শক সমাগম চোখে পড়ার মতো। শুধু তাই নয়, বেশ কিছু সিনেমা হলে মুক্তির প্রথম দিনেই হাউজফুল দর্শক হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ‘আমি নেতা হবো’ দেখার পাশাপাশি সেই হলের দর্শকচিত্রও শেয়ার করছেন ফেসবুকে। তাতে দেখা যায়, ছবিটি দেখতে বিপুল দর্শকের সমাগম হচ্ছে।
এদিকে নায়িকা বিদ্যা সিনহা মিম শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ছবির মুক্তির দিনে হাজির হয়েছিলেন রাজধানীর সেনা অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে। আর সেখানে গিয়েই তিনি হতবাক। কারণ এতো বেশি সংখ্যক দর্শক হাজির হয়েছিলো ‘আমি নেতা হবো’ দেখার জন্য, সেটা যেন ভাবতেই পারেননি মিম। নিজের ফেসবুকে একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছেন মিম। তাতে দেখা যায় হলের ভেতর কানায় কানায় ভরে আছেন দর্শক।
চলতি বছরের প্রথম সিনেমা হিসেবে সাফল্যের মুখ দেখতে চলেছে ‘আমি নেতা হবো’। কারণ এর আগে গত দুই মাসে মুক্তিপ্রাপ্ত কোনও ছবিই সাফল্য তো দূরের কথা, আলোচনায়ও আসতে পারেনি। ঘুরেফিরে শাকিব খানের ওপর ভর করেই আবারও প্রেক্ষাগৃহগুলো দর্শকের আনাগোনা দেখছে। আর প্রযোজকের মুখেও ফুটছে আনন্দের হাসি।
শাপলা মিডিয়া প্রযোজিত ‘আমি নেতা হবো’ ছবিতে শাকিব-মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াত, ডিজে সোহেল প্রমুখ।
সেনা অডিটোরিয়ামে দর্শকের চিত্র:




