অপু বিয়ের আগে গরম ছিল, আমি নরম: মাহিয়া মাহি
বিনোদন ডেস্ক।।
অভ্যাসের পাশাপাশি বদ অভ্যাসও মানুষের জীবনেরই একটি অংশ। বেশির ভাগ মানুষেরই কিছু না কিছু বদ অভ্যাস রয়েছে। কিন্তু নিজের এমন অভ্যাসকে চিহ্নিত করতে পারে কিংবা চিহ্নিত করে অন্যের কাছে অকপটে স্বীকার করতে পারে, এমন মনোবল অনেকেরই থাকে না। আবার অনেকেরই থাকে অপকটে স্বীকার করার সাহস।
প্রিয়.কমের ধারাবাহিক আয়োজন তারকাদের ‘বদ অভ্যাস’। বাংলাদেশের বিনোদন অঙ্গনের সঙ্গে জড়িত কলাকুশলীদের মধ্যে কার কী বদ অভ্যাস রয়েছে, তা তুলে ধরা হয় এই বিভাগে। চিত্রনায়িকা মাহিয়া মাহি তার বদ অভ্যাসের কথা জানিয়েছেন আজ।
নিজের বদ অভ্যাস সম্পর্কে তিনি প্রিয়.কমকে বলেন, ‘আমি প্রচণ্ড রাগি একটা মানুষ। কথায় কথায় রেগে যাই। তবে এটা সবার সাথে না। কেউ যদি আমাকে হঠাৎ করে একদিন দেখে, সে মনে করবে আমার থেকে ভালো মানুষ পৃথিবীতে নেই। কিন্তু আমি তার সম্পূর্ণ বিপরীত।’
মাহি তার বদ ভ্যাসের বিষয়টিকে ব্যাখা করলেন এভাবে, ‘কোনো কারণে পান থেকে চুন খসলেই আমার মন খারাপ হয়ে যায়। আমি অনেক চিল্লাচিল্লি করি। তখন আমার আসলে মনে থাকে না, সামনে আমার কে আছে! আমার কাছে মনে হয়, এটা একটা ব্যাড হ্যাবিট। এটা সবার ক্ষেত্রেই ছিল, কিন্তু অপুর (স্বামী) ক্ষেত্রে ছিল না বিয়ের আগে।’
আর না থাকার কারণ সম্পর্কে মাহি বলেছেন, ‘বিয়ের আগে চিল্লাচিল্লি করলে তো বিয়ে করবে না। বিয়ের পর শুরু করছি। বিয়ের আগে ও (অপু) গরম ছিল, আমি নরম ছিলাম। বিয়ের পর ঠিক তার উল্টো।’ বলেই হাসতে থাকেন তিনি।
১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে মাহি ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং শেষ করে মানিকগঞ্জ থেকে ঢাকায় ফিরেছেন। এই ছবিতে মাহির নায়ক সাইমন সাদিক। পরিচালনা করছেন মুস্তাফিজুর রহমান মানিক। ছবিতে ফরহাদ চরিত্রে অভিনয় করছেন সাইমন আর শিরি চরিত্রে মাহি।
ঢাকাই ছবিতে ২০১২ সালের ৫ অক্টোবর ‘ভালবাসার রঙ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে অভিষেক ঘটে মাহির। এরপর খুব কম বয়সে তিনি নিজেকে বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী হিসাবে নিজের অবস্থান তৈরি করে নেন। উৎস: প্রিয়.কম




