199677

‘শাকিব তালাক চেয়েছে, কিন্তু আমি চাইনি’

বিনোদন ডেস্ক।।
অপু বিশ্বাস। অভিনেত্রী ও মডেল। সম্প্রতি শাকিব খানের সঙ্গে বিয়ে বিচ্ছেদ মেনে নিয়ে তিনি নতুন করে পথচলা শুরু করেছেন। আবারও ব্যস্ত হয়ে উঠেছেন অভিনয় নিয়ে। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য বিষয়ে কথা বলেছেন তিনি-

শাকিব খানের বিয়ে বিচ্ছেদ মেনে নিলেন। শাকিব তালাক চেয়েছেন বলেই কি এই সিদ্ধান্ত?

যারা বিবাহিত, তারা ভালো করেই জানেন- চাইলেই যে কোনো সময় দাম্পত্য সম্পর্কের ইতি টানা যায় না। শাকিব তালাক চেয়েছে, কিন্তু আমি চাইনি। সে যেসব কারণ উল্লেখ করে বিচ্ছেদ চেয়েছে, তা সত্য না মিথ্য এটা সময়ই বলে দেবে। একজন স্ত্রীর পক্ষে যা কিছু মেনে নেওয়া সম্ভব, তা মেনে নেওয়ার চেষ্টা করেছি আমি। তার পরও শাকিব তার বিচ্ছেদের সিদ্ধান্তে অনড় ছিল। এটা তো সবাই জানেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পারিবারিক আদালতে গিয়েও আমি তার দেখা পাইনি। সমঝোতার জন্যও মুখোমুখি হয়নি সে। শাকিব যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে। শেষমেশ আমিও তাই ডিভোর্স মেনে নিয়েছি। আসল কথা হলো, দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের প্রতি আস্থা থাকতে হয়। মনের মিল না হলে কোনো সম্পর্ক টেকে না।

যেসব কারণ উল্লেখ করে শাকিব বিচ্ছেদ চেয়েছেন, তা যদি সত্যি না হয়, তাহলে আলাদা করে কথা বলছেন না কেন?

নিজেকে আড়ালে রেখে বিচ্ছেদের জন্য মরিয়া হয়ে উঠেছে, তার সঙ্গে কথা বলার সুযোগ কোথায়? এ বিষয়ে আমার যা বলার গণমাধ্যমে বলে দিয়েছি। বিষয়টা তো আমার একার নয়, শাকিবেরও। তার বক্তব্য কী- সেটা জানার চেষ্টা করুন। তাহলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে।

আব্রামের কথা কিছু ভেবেছেন?

আব্রামের কথা তো সবসময়ই ভাবি। ওর সুন্দর ভবিষ্যতের জন্য মা হিসেবে যা করার সবই করব। সবাইকে কোনো না কোনো কিছু আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয়, আমার এখন একটাই অবলম্বন- আব্রাম। তাকে নিয়েই আগামী দিনগুলো নতুন করে সাজাতে চাই।

বিরতির পর আবার অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এখন থেকে বড় পর্দায় নিয়মিত দেখা যাবে কি?

নিয়মিত অভিনয় করতে চাই। এর মধ্যে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ও ‘ওপারে চন্দ্রাবতী’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ১৭ বছর পর পরিচালক দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সিক্যুয়েল নির্মাণ করেছেন। এ ছবিতে আমার বিপরীতে থাকছেন বাপ্পী চৌধুরী। রফিক শিকদারের ‘ওপারে চন্দ্রাবতীতে’ সাইমনের সঙ্গে আমাকে জুটি হিসেবে দেখা যাবে। আরও কিছু ছবিতে কাজের কথা আছে। সেটা সময় হলেই জানবেন। বিরতি নিয়ে যা বললেন, তার সঙ্গে আমি একমত নই। কারণ আমি কখনও অভিনয় থেকে বিরতি নিইনি। যে সময়টায় আমাকে কোনো কাজ করতে দেখা যায়নি, সে সময়কে আমি জীবনের শ্রেষ্ঠ সময় বলি। অভিনয়ের বিরতির সময়টায় জন্ম হয়েছে আব্রামের। আমিও মা হওয়া মধ্য দিয়েই পেয়েছি নারী জীবনের পূর্ণতা।

ad

পাঠকের মতামত