প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১০ পরীক্ষার্থীসহ আটক ১৩
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে ১০ পরীক্ষার্থীসহ ১৩ জনকে আটক করেছে র্যাব-৫। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেরার চাদপুর উচ্চ বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
র্যাব -৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, আজ ছিল এসএসসি পরীক্ষার রসায়ন বিষয়ের পরীক্ষা। বেশ কয়েক দিন ধরেই এই উপজেলায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে সকালে চাদপুর উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন পরীক্ষার্থীর মোবাইল ফোন তল্লাশি করে র্যাব সদস্যরা। পরে রসায়ন বিষয়ে মোবাইলে আসা পরীক্ষার প্রশ্নপত্র মিলে যাওয়ার কারণে ১০জন শিক্ষার্থী এবং একজন শিক্ষকসহ মোট ১৩ জনকে আটক করা হয়।
বিস্তাারিত জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতদের লালপুর উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটক ১০ পরীক্ষার্থীকে আজকের পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে জানান তিনি।
লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের বের করতে আটককৃতদের তার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।




