199434

সন্ধ্যায় টিএসসিতে শাকিব-শুভশ্রী

বিনোদন ডেস্ক।।
প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা সৈনিকদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসব। বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর সর্ববৃহৎ আসর, যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্র কে তুলে ধরা হয় সাধারণ দর্শকের দ্বারপ্রান্তে। এবছরও ১২ হতে ১৭ ফেব্রুয়ারি (৩০ মাঘ হতে ৫ ফাল্গুন) টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বাংলা চলচ্চিত্র প্রদর্শনের ধারাবাহিক আয়োজনের ১৭তম আসর উদযাপন করছে। আর এখানেই ভালোবাসার দিন সন্ধ্যায় দেখানো হবে গেল বছরের আলোচিত ও ব্যবসাসফল ছবি ‘নবাব’।

গত বছরের তুমুল ব্যবসাসফল ছবি নবাব। শাকিব খান ও কলকাতার শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি কলকাতা থেকে এসকে মুভিজ ও বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করে। ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৪’ এর এবারের উৎসবে ভালোবাসা দিবসে আজ সন্ধ্যা সাড়ে ছ’টায় প্রদর্শিত হবে শাকিব খান অভিনীত ছবি সুপারহিট নবাব।

‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৪’-উৎসবে দুই বাংলার ধ্রুপদী ও সমসাময়িক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে এবার দ্বিতীয়বারের মতো প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’। পদক প্রদানের লক্ষ্যে ইতিমধ্যেই প্রাথমিকভাবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘হালদা’, ‘ভুবন মাঝি’, ‘খাঁচা’ ও ‘রীনা ব্রাউন’ চলচ্চিত্রগুলো নির্বাচন করা হয়েছে। চলচ্চিত্রগুলো জুরিদের কাছেও পাঠানো হয়েছে।

এবারের উৎসবটি শুরু হয় মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত চলচ্চিত্র ‘ডুব’-এর প্রদর্শনী দিয়ে এবং শেষ হবে তৌকীর আহমেদের প্রশংসীত চলচ্চিত্র ‘হালদা’ প্রদর্শনের মাধ্যমে। প্রতিটি শো’-এর টিকেট পাওয়া যাবে উৎসব প্রাঙ্গণ টিএসসির টিকেট কেন্দ্রে। টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ত্রিশ টাকা।

ad

পাঠকের মতামত