199008

আয়নাবাজির রিমেক তামিলে, যা বললেন চঞ্চল চৌধুরী

দুই বছর আগে নির্মাতা অমিতাভ রেজার পরিচালনায় মুক্তি পেয়েছিলো ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটি। সে সময় বেশ আলোড়ন তৈরি করেছিলো ছবিটি। বিশেষ করে প্রশংসিত হয়েছিল ছবির কেন্দ্রিয় চরিত্র চঞ্চল চৌধুরী। এবার ‘আয়নাবাজি’ আদলে নির্মিত হয়েছে তেলেগু ছবি ‘গায়ত্রী’। আর ‘গায়ত্রী’ নামের ছবিতে চঞ্চলের সেই চরিত্রে দেখা গেছে তেলেগু অভিনেতা মোহন বাবুকে।

তেলেগু ভাষায় ‌‘গায়ত্রী’ নামের এ ছবি গত (৯ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে। এটি নির্মাণও করা হয়েছে বাংলাদেশের ‘আয়নাবাজি’র কপিরাইট নিয়ে।

ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী লক্ষ্মী প্রসন্ন পিকচার্স ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে তামিল ও তেলেগু ভাষায় নির্মাণের জন্য ‘আয়নাবাজি’র স্বত্ব কিনে নেয়। তারই প্রথম কিস্তি হিসেবে শুক্রবার তেলেগু ভাষায় মুক্তি পেলো ‘গায়ত্রী’।

বিষয়টি নিয়ে ‘আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ‘তারা তো আগেই অনুমতি ও স্বত্ব নিয়েছে। তবে ছবিটি যে মুক্তি পেয়েছে সেটা কেউ জানায়নি। এখনই জানতে পারলাম। শুনে খুবই ভালো লাগছে। আমি এখনও বিস্তারিত জানি না। আজ সেখানকার পত্রিকাগুলো থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করবো। সেখানেও যদি ছবিটি ভালো চলে, সেই আনন্দটা আমাদেরও ছুঁয়ে যাবে।’

এদিকে ছবিটির খবর জেনেছেন চঞ্চল চৌধুরীও। এই ব্যাপারে তিনি বলেন, ‘বিদেশি ভাষায় ‘আয়নাবাজি’ রিমেক হওয়াটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য দারুণ ব্যাপার। প্রচুর অভিযোগ যে এখন ঢাকাই সিনেমাতে নানা দেশের সিনেমার গল্প কপি করা হয়। সেদিক থেকে আমাদের দেশের একটি সিনেমার গল্প নিয়ে অন্য দেশে সিনেমা হচ্ছে এটা খুবই ইতিবাচক ও অনুপ্রেরণার। ভালো মৌলিক গল্পের সিনেমা হলে সারা পৃথিবী এভাবেই আমাদের অনুসরণ করবে। আমাদের সেই সামর্থ্য রয়েছে। কেবল চর্চাটা ধারাবাহিক করতে হবে।’

উল্লেখ্য, কপিরাইট কিনে নিলেও ‘আয়নাবাজি’র ছায়া থেকে নতুনভাবে ‘গায়ত্রী’ ছবিটির চিত্রনাট্য করেছেন ডায়মন্ড রত্ন বাবু। ১২৫ মিনিটের এ ছবিটি পরিচালনা করেছেন ম্যাডান রামিজানি।

ad

পাঠকের মতামত