198908

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনও নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া দেশে কোনও নির্বাচন হবে না। হতে দেওয়া হবে না। তার নেতৃত্বেই জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশ নেব। তাকে ছাড়া আমরা কোনও নির্বাচনেই অংশগ্রহণ করব না।

তিনি বলেন, আজকের এই জনস্রোত থেকে আমাদের একটিই দাবি, খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে। তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

আজকের এ মানববন্ধনে ২০ দলের নেতারাও অংশ নেন। এসময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আওয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, উপদেষ্টা আব্দুস সালাম, জয়নাল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ক্রীড়াবিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামান হয়দারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

মানববন্ধনে কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়ে হাত ধরে সচিবালয় থেকে কদম ফোয়ারা পর্যন্ত অবস্থান নেন।
এদিকে বিএনপির এ কর্মসূচি ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। সকাল থেকেই নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা হয় মহানগর পুলিশের এপিসি, জলকামান ও প্রিজনভ্যান।

ad

পাঠকের মতামত