খালেদা জিয়া সাধারণ বন্দি হিসেবে কারাগারে : কারা মহাপরিদর্শক
জেলকোড অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাধারণ বন্দি হিসেবে কারাগারে আছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
আজ রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সাধারণ বন্দি হিসেবেই কারাগারে খালেদা জিয়াকে খাবার দেওয়া হচ্ছে জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, ‘শুধু শুকনো খাবার, ফলমূল স্বজনরা আনলে সেগুলো এলাউ করা হচ্ছে।’
খালেদা জিয়া কয়েদির পোশাক পরছেন কি না- এমন প্রশ্নের জবাবে সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, জেল কোড অনুসারে একজন সাধারণ বন্দির কয়েদির পোশাকই পরার কথা। তবে বিএনপি চেয়ারপারসনের বিষয়টি নিশ্চিত করেননি তিনি।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি হিসেবে নিয়ে যাওয়া হয়। গত চারদিন ধরে একমাত্র আসামি হিসেবে ওই কারাগারের একটি কক্ষে রয়েছেন বিএনপি নেত্রী।
এর আগে আজ সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন প্রদানের জন্য আদালতে একটি আবেদন দাখিল করা হয়।ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে এই আবেদন দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও জাকির হোসেন ভুঁইয়া।
আবেদনের পর খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন প্রদানের বিষয়ে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।
সূত্র: দৈনিক আমাদের সময়




