প্রশ্নফাঁস ঠেকাতে আজ ৩০ মিনিট মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল
প্রশ্নফাঁস ঠেকাতে রোববার সকালে সারা দেশে ৩০ মিনিট মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল।
আজ এসএসসিতে আইসিটি বিষয়ের পরীক্ষা শুরুর সময় সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রাখতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে নির্দেশ পাওয়ার পর মোবাইল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা ইন্টারনেট বন্ধ করে দেয়।
তবে বিটিআরসির পক্ষ থেকে এক ঘণ্টা মোবাইল ইন্টারনেট বন্ধ রাখতে বললেও সাড়ে ৯টা থেকে ৩০ মিনিটের জন্য এ সেবা বন্ধ ছিল। বিভিন্ন মোবাইল অপারেটর ও বিটিআরসি সূত্রগুলো খবরের সত্যতা নিশ্চিত করেছে।
তবে এই সময়ের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় কোনো বিঘ্ন ঘটেনি।
মোবাইল ফোন অপারেটরের কর্মকর্তারা মনে করছেন, এসএসসির প্রশ্নপত্র ফাঁস হওয়া ঠেকাতে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশনা এসেছে।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির এক কর্মকর্তা বলেন, এ নির্দেশনা কেবল মোবাইল অপারেটরগুলোকেই দেয়া হয়েছিল।
তিনি বলেন, আজ পরীক্ষা শুরুর আগে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখতে বলা হয়েছিল।
তবে এসএসসির বাকি পরীক্ষাগুলোর সকালেও মোবাইল ইন্টারনেট বন্ধ থাকবে কিনা, সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওই কর্মকর্তা।




