198632

বিকালে ২০ দলের নেতাদের সঙ্গে বসছেন ফখরুল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর করণীয় ঠিক করতে ২০ দলের নেতাদের সঙ্গে বসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার বিকাল ৫টায় গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে এই বৈঠক হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করায় তাকে ছাড়াই এ বৈঠক হবে।

গতকাল শনিবার রাতে মির্জা ফখরুল সাংবাদিকদের এই বৈঠকের কথা জানান। এর আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য এবং যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

রায়ের পর খালেদাকে কারাগারে পাঠানো হলে লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ঘোষণা করে বিএনপি।

এদিকে খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর দুই দিনের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। গতকাল শনিবার নতুন করে আরও তিন দিনের কর্মসূচি (মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও অনশন) ঘোষণা করে দলটি। চলমান এই কর্মসূচিতে শরিক দলগুলোকেও পাশে চায় বিএনপি। সে লক্ষ্যেই আজ জোট নেতাদের সঙ্গে বসছেন দলটির মহাসচিব।

ad

পাঠকের মতামত