198463

কাজী হায়াৎ ও খালেদা আক্তারকে ২০লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হয়ে থাকে সংস্কৃতিবান্ধব সরকার। কেবলমাত্র সংস্কৃতির উন্নয়নে সহযোগিতা নয়, দেশব্যাপী নানা সাংস্কৃতিক কর্মযজ্ঞের পাশাপাশি সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে রয়েছে সরকারের নানা উদ্যোগ। একই সাথে দুস্থ সংস্কৃতিকর্মীদের বার্ষিক আর্থিক অনুদানসহ বিভিন্ন সময় প্রবীণ শিল্পীদের চিকিৎসা সহায়তা সরকারের অনবদ্য এক দৃষ্টান্ত। তারই ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা পেলেন চিত্রপরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজী হায়াৎ ও চলচ্চিত্র অভিনেত্রী খালেদা আক্তার।

শোবিজের এই দুই বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব দুজনেই ১০ লাখ করে ২০ লাখ সহায়তা পেয়েছেন প্রধানমন্ত্রীর তরফ থেকে। জানা যায়, দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছেন কাজী হায়াৎ। আর খালেদা আক্তার কল্পনা চোখের সমস্যা ও ডায়াবেটিসে ভুগছেন। মূলত তাদের চিকিৎসার জন্য শুক্রবার গণভবনে সহায়তার চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। কাজী হায়াৎ ও খালেদা আক্তার কল্পনা দুজনেই উপস্থিত থেকে এই চেক গ্রহণ করেন।

চ্যানেল আই অনলাইনকে খালেদা আক্তার কল্পনা বলেন, ডান চোখে গ্লুকোমা, রেটিনায় রক্তপাত আর কর্নিয়ার আলসার থেকে ইনফেকশন হয়ে মারাত্মক আকার ধারণ করেছে। শুধু বাম চোখ দিয়ে দেখছি। ঢাকায় চিকিৎসা নেয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই থেকে ছানি অপারেশনও করিয়েছি তিনবার।

যার জন্য মোটা অংকের অর্থ খরচ হচ্ছিল। আমার পক্ষে ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছিল না। পুরো সংসারটাও আমার কাঁধে ছিল। হাতে তেমন কাজও ছিল না। খুব বাজে অবস্থায় দিন কাটছিল।

জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী বলেন, প্রধানমন্ত্রী আসলেই মহানুভব। আমি এর আগেও দেখেছি তিনি শিল্পীদের ক্ষেত্রে দলমত চিন্তা করেন না। দলমত নির্বিশেষে সাহায্য করেছেন। তিনি যখন সাহায্য করেন তখন মনে হয় না উনি কোনো রাজনৈতিক দলের নেত্রী। সত্যিকারেই মনে হয় তিনি দেশের প্রধানমন্ত্রী, দেশের অভিভাবক।

ad

পাঠকের মতামত