‘আপিল করলে খালেদা জিয়ার সাজা বাড়তে পারে’
নিউজ ডেস্ক।। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আরও বাড়তে পারে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ শুক্রবার সকালে মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়াম মাঠে ‘মিনি আর্টিফিশিয়াল টার্ফ’ এর উদ্বোধন অনুষ্ঠানে নৌমন্ত্রী এ মন্তব্য করেন।
শাজাহান খান বলেন, ‘বিএনপি তাদের নেত্রীকে বাঁচাতে হাইকোর্টে আপিল করতে পারে, কিন্তু বিগত দিনে দেখেছি হাইকোর্ট অনেক সময় দুর্নীতির জন্য সাজা বাড়িয়েছে। তার রায়ে সাজা বাড়াতেও পারে।’
নৌমন্ত্রী আরও বলেন, ‘খেলার মাঠে ফাউল করলে পা ভেঙে যায়, তেমনি খালেদা জিয়া রাজনীতির মাঠে ফাউল করে শাস্তি পেয়েছেন। দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের রায় ঘোষণার প্রতিবাদে কোনো লোক মাঠে নামেনি। অথচ আমরা এরশাদ বিরোধী আন্দোলনে কারফিউয়ের মধ্যেও আন্দোলন সংগ্রাম করেছিলাম। এতেই প্রমাণিত হয় বাংলার মানুষ খালেদা জিয়ার সঙ্গে নেই।’
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো.সালাহ্উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শোদ, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, সদস্য আমিরুল ইসলাম বাবু ও মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান। উৎস: দৈনিক আমাদের সময়।




