কারাগারে মওদুদসহ ৫ আইনজীবী
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডিভিশনের আবেদন নিয়ে নাজিমউদ্দিন রোডের পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে গেছেন তার আইনজীবী প্যানেলের সদস্যরা। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে তারা কারাগারে প্রবেশ করেন। তারা হলেন- ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান।
এরআগে দুপুর আড়াইটার দিকে কারাগারের সামনে আসেন এই পাঁচ আইনজীবী। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর কারা কর্তৃপক্ষের কাছ থেকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পান তারা।
কারা ফটকের সামনে ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘আইন অনুসারে ১৮ ক্যাটাগরির কারাবন্দি অটোমেটিক্যালি ডিভিশন পান। এজন্য আলাদা করে আবেদনের প্রয়োজন হয় না। কিন্তু, অত্যন্ত দুঃখের বিষয় খালেদা জিয়াকে কারাগারে আনার পর এখনও ডিভিশন দেয়া হয়নি।’
তিনি বলেন, ‘আমরা নেত্রীর সঙ্গে দেখা করব। ডিভিশন এবং আপিলের বিষয়ে তার সঙ্গে পরামর্শ করব। তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেব। আর রায়ের নথিপত্র পাওয়ার পরই আমরা দ্রুত আদালতে আপিল করব।’
উল্রেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পুরানো ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
এছাড়া মামলার অপর আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
তাছাড়া তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওইদিনই নাজিমউদ্দিন রোডের পুরানো কারাগারে নেয়া হয় খালেদা জিয়াকে।




