প্রস্তুত র্যাব নাশকতামূলক যে কোন পরিস্থিতি মোকাবেলায়
নিউজ ডেস্ক : দেশের মানুষের কাছে একটি আস্থা ও বিশ্বাসের প্রতীক র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিভিন্ন সময় দেশের অভ্যন্তরীন আইন-শৃঙ্খলা রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে র্যাব। এই প্রতিষ্ঠানটি মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অন্য নাম হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে দিন রাত।
৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য যে কোন ধরনের নাশকতামূলক পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব-২ ও সর্বোচ্চ নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
র্যাব-২ এএসপি মো: ফিরোজ কাউছার বলেন, গুরুত্বপূর্ণ সড়কে টহল জোরদার করাসহ প্রধান সড়ক এবং জনবহুল স্থানগুলোতে নিয়মিত চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও পথচারীদের তল্লাশি কার্যক্রম জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সামাজিক যোগাযোগ ও সচেতনতা বৃদ্ধির মত ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করেছে। এ ছাড়াও মহাখালী থেকে জাহাঙ্গীর গেট হয়ে সার্ক ফোয়ারা, নীলক্ষেত থেকে শ্যামলী, সাত মসজিদ রোড, উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও পর্যন্ত প্রধান সড়কগুলোতে র্যাবের টহল ব্যবস্থা জোরদার করেছে র্যাব-২ এর সদস্যরা ।
র্যাব-২ এর অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার উজ জামান জানান, রায়কে কেন্দ্র করে যে কোন ধরনের নাশকতামূলক কার্যক্রম প্রতিহত করার জন্য সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




