198000

দল চলবে কিভাবে?

নিউজ ডেস্ক।।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে গঠনতন্ত্র অনুযায়ী দল পরিচালিত হবে। এ সময় সিনিয়র নেতাদের ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। আজ মামলার রায়ের দিন সিনিয়র নেতাসহ সব আইনজীবীকে বিশেষ আদালতে উপস্থিত থাকতে বলেন তিনি। বুধবার সন্ধ্যায় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বিকালে সংবাদ সম্মেলনের পর পরই স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।

বৈঠক সূত্রে জানা গেছে, রায় নেতিবাচক হলে দল কীভাবে চলবে এ প্রসঙ্গটি উঠলে এ সময় খালেদা জিয়া বলেন, গঠনতন্ত্র অনুযায়ী দল পরিচালিত হবে। সিনিয়র যারা আছেন সবাই মিলে ঐক্যবদ্ধভবে সিদ্ধান্ত নেবেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলে বিভেদ সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র হতে পারে। সবাই সতর্ক থাকবেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ থাকবেন। দলে ঐক্য থাকলে কোনো সমস্যা হবে না। বৈঠক শেষ করে রাত ৯টার আগেই বাসায় ফিরে যান খালেদা জিয়া।

আজকের রায়ের দিন সিনিয়র নেতাসহ সব আইনজীবীকে আদালতে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। বৈঠকে উপস্থিত নেতাদের উদ্দেশে বলেন, আপনারা আদালতে গেলে নেতাকর্মীরা সাহস পাবে। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত