খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস আটক
নিউজ ডেস্ক ।।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডাদেশের রায়ের পর তার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে আটক করা হয়েছে।
আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করা হয়। তার বিরুদ্ধে ২০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।
গত কয়েক দিন ধরেই এ রায়কে কেন্দ্র করে সারা দেশে পুলিশ ধরপাকড় চালিয়ে আসছিল। বিএনপির দাবি, এরই মধ্যে তাদের হাজার হাজার নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তারেক রহমানসহ মামলার বাকি পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক আকতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
সাজা পাওয়া বাকি ব্যক্তিরা হলেন, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। এদের মধ্যে মামলার শুরু থেকে কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক।




