বিদেশী গণমাধ্যমে খালেদা জিয়ার রায়
আন্তর্জাতিক ডেস্ক।।
জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তারেক রহমানসহ অন্যদের দেয়া হয়েছে ১০ বছরের জেল।
সংবাদটি স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি ব্যাপক গুরুত্ব দিয়ে প্রচার করেছে বিদেশী সংবাদ মাধ্যমগুলোও। রায় ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গে খবরটি ব্রেকিং হিসেবে প্রচার করেছে আল জাজিরা ও বিবিসি।
আল জাজিরা তাদের শিরোনামে লিখেছে, ‘দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড।’ তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার একটি আদালত দুর্নীতি মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) দেশের প্রধান বিরোধী দল হিসেবেও আখ্যা দিয়েছে আল জাজিরা।
একই ধরনের সংবাদ করেছে বিবিসি। তারা শিরোনামে লিখেছে, ‘দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।’ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশের বিরোধী দলের নেতা’ খালেদা জিয়াকে দুর্নীতির অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এতে আরো বলা হয়েছে, অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছেন খালেদা (৭২)। এই রায়ের ফলে চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন না বলেও উল্লেখ করেছে বিবিসি।
মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ লিখেছে, দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের জেল দিয়েছে বাংলাদেশের একটি আদালত।
পাকিস্তানি টেলিভিশন জিও টিভি তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের দুইবারের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত। এর ফলে আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে তারাও তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াও খালেদা জিয়াকে বিরোধী নেতা হিসেবে উল্লেখ করে লিখেছে, ৭২ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে পাঁচ বছরের জেল দেয়া হয়েছে। তারেক রহমানের ১০ বছরের কারাদণ্ড দেয়ার কথাও জানিয়েছে তারা।
ভারতের আরেক গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, খালেদার রায়কে সামনে রেখে পুলিশ ও বিরোধী সমর্থকদের মধ্যে সহিংসতা সংঘর্ষ হয়েছে। এই রায়ে বাংলাদেশ সরকার ঝুঁকিতে পড়তে পারে বলেও মন্তব্য করেছে হিন্দুস্তান টাইমস।
এদিকে বার্তাসংস্থা রয়টার্স বিএনপি সমর্থকদের ওরপ ‘পুলিশের হামলার’ কথা উল্লেখ করেছে।
কলকাতা থেকে আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, ‘৫ বছর কারাদণ্ড বেগম খালেদা জিয়ার, উত্তপ্ত ঢাকা’। তাদের প্রতিবেদনে লেখা হয়েছে, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। কিছুক্ষণ আগেই জিয়া এতিমখানা মামলার রায় ঘোষণা করেছে আদালত। ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে খালেদা জিয়াকে। খালেদার ছেলে তারেক রহমান-সহ অন্য অভিযুক্তদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, আনন্দবাজার পত্রিকা ভুল করে ‘সুপ্রিম কোর্ট’ কারাদণ্ড দিয়েছে বলে উল্লেখ করেছে। প্রকৃতপক্ষে এটি নিম্ন আদালতের একটি রায়।




