খালেদা জিয়ার সাজা হলে আনন্দ মিছিল করবে আ.লীগ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার সাজা হলে আনন্দ মিছিলের পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। আজ বৃস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ‘আমাদের সময়’কে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে সেজন্য আমরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি। আমাদের নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক অবস্থানে আছে।’
এক প্রশ্নের জবাবে মুরাদ বলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাস করি। দুর্নীতি মামলায় খালেদা জিয়ার দণ্ড হলে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আনন্দ মিছিলের প্রস্তুতি রয়েছে আমাদের। তবে সেটা নির্ভর করবে রায় ঘোষণার পর।’
এদিকে সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মী অবস্থা নিতে শুরু করে। কার্যালয়ের সামনে পুরো রাস্তা জুড়ে ছোট ছোট দলে অবস্থান নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
উল্লেখযোগ্য নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক সামিউল হোসেন সম্রাট, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোল্লা মো. আবু কাউসার, সাংগঠনিক সম্পাদক খাইরুল হাসান জুয়েল, কৃষকলীগের সভাপতি মোতাহার আলী মোল্লা প্রমুখ।
সূত্র: দৈনিক আমাদের সময়




