রাজসিংহাসন ছেড়ে গরীব পরিবারের ছেলের সাথে রাজকুমারীর বিয়ে!
ভালবাসা কারে কয়! ভালবাসার মানুষটিকে পেতে রাজকুমারী পদমর্যাদা হারাবেন জেনেও সাধারন পরিবারের এক যুবকের সাথে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের রাজকুমারী।
রাজকুমারী মাকোর সঙ্গে কেই কোমুরোর দেখা হয়েছিল ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। রাজকুমারী মাকো হচ্ছেন জাপানের সম্রাট আকিহিতোর নাতনি। অন্যদিকে কেই কোমুরো একেবারে সাধারণ পরিবারের সন্তান। তাদের প্রেম কাহিনী নিয়ে হৈ চৈ কম হয়নি। তাদের বিয়ে হওয়ার কথা ছিল আসছে নভেম্বরে। কিন্তু এই বিয়ে এখন ২০২০ সাল পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।
রাজপরিবারের কর্মকর্তারা জানিয়েছেন, বিয়ের প্রস্তুতির জন্য অনেক সময় লাগবে। সেজন্যেই পিছিয়ে দেয়া হয়েছে অনুষ্ঠানটি। রাজকুমারী মাকোর বয়স এখন ২৬। তার প্রেমিক কেই কোমুরো কাজ করেন একটি ল’ ফার্মে।
এই দম্পতির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যথেষ্ট প্রস্তুতির অভাবেই তারা বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সামনের বছর জাপানের রাজা আকিহিতো সিংহাসন ছেড়ে দিচ্ছেন। তিনি আগেই এই ঘোষণা দিয়েছিলেন। গত দুশো বছরের ইতিহাসে এই প্রথম কোন সম্রাট সিংহাসন ছাড়ছেন। বলা হচ্ছে এ নিয়ে রাজপরিবারকে সাংঘাতিক ব্যস্ত থাকতে হবে। সেটা হয়তো বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেয়ার একটা কারণ।
রাজকুমারী মাকো এক বিবৃতিতে বলেন, “যারা আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজনে সাহায্য করছিলেন তাদের সবার জন্য বড় একটা সমস্যা তৈরি করায় আমি আসলেই দুঃখিত”
রাজকুমারী মাকো যখন তার প্রেমিক কেই কোমুরোকে বিয়ে করবেন, তখন তাঁর রাজশিরোপা হারাবেন। তিনি আর রাজকুমারীর মর্যাদা পাবেন না। জাপানের রাজপরিবারের তরফ থেকে বলা হচ্ছে সম্রাট আকিহিতো অবসরে যাওয়ার পর তাঁর ছেলে যুবরাজ নারুহিতো সিংহাসনে আরোহনের আনুষ্ঠানিকতা শেষ হলে তাদের বিয়ে হবে।
জাপানের একটি ম্যাগাজিনে এই মর্মে খবর বেরিয়েছিল রাজকুমারী মাকো’ প্রেমিক কোমুরোর মা কিছু আর্থিক ঝামেলায় জড়িয়ে পড়েছেন। সেটাই বিয়ে পেছানোর কারণ। কিন্তু রাজপরিবারের তরফ থেকে এই খবর অস্বীকার করা হয়েছে।




