ব্যান্ডশিল্পী তুহিনের মা মেলায় ঘুরে ঘুরে বই বিক্রি করছেন !
জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। বই পিপাসুরা দলে দলে ভিড় জমাচ্ছেন বিভিন্ন স্টলে। মেলায় আগত এসব দর্শনার্থীদের কাছে নিজের লেখা বই পৌঁছে দিতে হাতে বইয়ের বান্ডেল নিয়ে ঘুরছেন ৭৫ বছর বয়সী এক নারী। তিনি আর কেউ নন, জনপ্রিয় ব্যান্ডশিল্পী তানযীর তুহিনের মা ড.আকন্দ সামসুন নাহার।
ছেলে এত বড় তারকা হওয়া সত্ত্বেও মা কেন বই হাতে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করছেন? তুহিন ভক্তদের মনে এমন প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। এ বিষয়ে তুহিন কিছু না বললেও বিস্তারিত জানিয়েছেন তার মা।
মায়ের সঙ্গে এক ফ্রেমে তানযীর তুহিন
এ প্রসঙ্গে সামসুন নাহার বলেন, ‘বই নিজেই বের করেছি। কোথায় এগুলো দিলে পাঠকদের কাছে পৌঁছাতে পারবো, জানা নেই। বই কীভাবে বিক্রি করে আমি তো আসলে জানি না। অনেকদিন ধরেই বই প্রকাশ করছি, বইগুলো বাসায় জমে আছে। আমার বইগুলো মানুষ পড়লেই তৃপ্তি পাবে।’
তিনি আরো বলেন, ‘আমাকে তো কেউ চিনে না। তাই মেলায় গিয়ে মানুষকে বলে বলেই বই দেখাচ্ছি। কারোর ইচ্ছা হলে কিনছেন, কেউ কেউ দেখে যাচ্ছেন। তবে যারা পড়ছেন, তারা কিন্তু দ্বিতীয়বার মেলায় এসে আমাকে খুঁজছেন, আমার অন্য বইও নিয়ে যাচ্ছেন।’
এবারের মেলায় প্রকাশিত সামসুন নাহারের ‘লঞ্চ টার্মিনাল’ মূলত উপন্যাসের বই। বইটিতে লঞ্চ টার্মিনাল ঘিরে একটি পরিবারের গল্প ওঠে এসেছে নানা আঙ্গিকে। তবে এটাই তার প্রথম বই নয়, এর আগেও ২০টি বই প্রকাশ করেছেন তিনি। নিজের আত্মজীবনী লেখার ইচ্ছা আছে এই লেখিকার।
উল্লেখ্য, ছোট থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত সামসুন নাহার। ইডেন কলেজ থেকে অনার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স করার পরেও থেমে থাকেননি, রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষাব্যবস্থাপনায় নিয়েছেন আরও দুটি মাস্টার্স ডিগ্রী। ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে করেছেন পি.এইচ.ডি। দীর্ঘদিন তিনি সরকারী কলেজে অধ্যাপনা করেন। ন্যাশনাল ক্যারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ডেও কাজ করেছেন সামসুন নাহার।




