197369

আমিও সাংবাদিক ছিলাম- প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক।। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জানিয়েছেন, তিনিও একসময় সাংবাদিক ছিলেন। গতকাল দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় তার সঙ্গে আইন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) শুভেচ্ছা বিনিময়কালে এ তথ্য জানান তিনি। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, আমিও একসময় সাংবাদিক ছিলাম। এ সময় কয়েকজন নারী সাংবাদিকের উপস্থিতি দেখে প্রধান বিচারপতি বলেন, সাংবাদিকতায় নারীরাও এগিয়ে আছে, এটা ভালো দিক। এ সময় ল’ রিপোর্টার্স ফোরামের নেতারা তথ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাংবাদিকদের আশ্বস্ত করেন। শুভেচ্ছা বিনিময়কালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

এসময় ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি আশুতোষ সরকার, সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, সহ-সভাপতি মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু যুগ্ম সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ আহমেদ সরোয়ার হোসেন ভূঁঞা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন ও কার্যনির্বাহী সদস্যবৃন্দসহ আইন বিটে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে আইনি পেশার সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দৈনিক সংবাদ পত্রিকার আদালত প্রতিবেদক ছিলেন। শুক্রবার (২রা ফেব্রুয়ারি) বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট। শনিবার বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে শপথ নেন তিনি।

ad

পাঠকের মতামত