নরসিংদীতে খালেদাকে ঘিরে জনতা, পুলিশের লাঠিচার্জ
ঢাকা থেকে রওনা হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর নরসিংদীতে পৌঁছেছে। সোমবার বেলা পৌনে ১২টার দিকে গাড়িবহর কামারটেক এলাকায় পৌঁছলে কয়েকশ’ নেতাকর্মী সড়কে আসেন তাকে শুভেচ্ছা জানাতে। এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। তবে এক পর্যায়ে খালেদা জিয়া গাড়িবহর থামাতে বলেন। এরপর পুলিশ নিবৃত্ত হলে তিনি গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের শুভেচ্ছা ও সালাম গ্রহণ করেন।

পরে তারা চলে গেলে গাড়িতে উঠে খালেদা জিয়া ফের সিলেটের উদ্দেশে রওনা হন।
পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এরআগে ১১টা ২০ মিনিটের দিকে গাড়িবহর নরসিংদীর বেলানগরে পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী জুতা দেখান। এ সময় তারা পুলিশের উপস্থিতিতে উপজেলার চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরুর নামে স্লোগান।
তবে একই সময়ে কিছু সংখ্যক বিএনপি সমর্থক মিছিল নিয়ে বেলানগরে এলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়।
এ সময় তারা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর মুক্তি দাবিতে ব্যানার নিয়ে স্লোগান দেন।
এ বিষয়ে বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি পরিবর্তন ডটকমকে বলেন, ‘নেতাকর্মীসহ বিপুলসংখ্যক উৎসুক জনতা দেশনেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করলে তাদের সরিয়ে দিচ্ছে পুলিশ। কোথাও কোথাও গ্রেফতার করা হচ্ছে।’
তিনি পুলিশি নিপীড়নের প্রতিবাদ জানান। অভিযোগ করেন, পুলিশের কারণে নেতাকর্মীরা তাদের প্রিয়নেত্রীকে সালাম পর্যন্ত দিতে পারছেন না।

এদিকে, গাড়িবহরে থাকা ৭১ ও এসএটি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বেশ কয়েকজন হালকা আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এরআগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে সকাল নয়টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে যাত্রা শুরু করেন খালেদা জিয়া।
তার গাড়িবহরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বরকতউল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
খালেদা জিয়া সিলেট পৌঁছানোর পর বিকেলে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি আরো জানান, বিএনপি চেয়ারপারসন মাজার জিয়ারত করেই ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।




