196924

এ বছরেই চালু হবে ই-পাসপোর্ট

বাংলাদেশে জুলাই মাসের মধ্যেই চালু হচ্ছে ই-পাসপোর্ট। জার্মানির একটি কোম্পানির জার্মানির প্রযুক্তি নিয়ে জিটুজির মাধ্যমে বাংলাদেশে ই-পাসপোর্ট করা হবে। এরই মধ্যে একটি চুক্তিও সই হয়েছে। নিরাপত্তা চিহ্ন হিসেবে ই-পাসপোর্টে থাকবে চোখের মণির ছবি ও আঙুলের ছাপ। আর এর পাতায় থাকা চিপসে সংরক্ষিত থাকবে পাসপোর্টধারীর সব তথ্য। ফলে কঠিন হবে পরিচয় গোপন করা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্টের নমুনা কপি এরই মধ্যে অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। এই অত্যাধুনিক প্রযুক্তির পাসপোর্ট চালু হলে পাসপোর্টের একটি ‘চিপ’ সহজ করে দেবে বিশ্বভ্রমণ।

২০১৬ সালে এমআরপির পাশাপাশি ই-পাসপোর্ট চালুর সিদ্ধান্ত নেয় সরকার। এখন দেশের প্রায় দুই কোটি মানুষ মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) মালিক। প্রতিদিন গড়ে ২০ হাজার মানুষ পাসপোর্টের জন্য আবেদন করছে। সময়মতো পাসপোর্ট দিতে গিয়ে হিমশিম খাচ্ছে পাসপোর্ট অফিসগুলো।

প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী ই-পাসপোর্টের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব (সুরক্ষা সেবা বিভাগ) ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী।

জানা যায়, ই-পাসপোর্ট শুরু হলে সময় ও ভোগান্তি কমবে ও সেবার মান আরো বাড়বে। এতে জালিয়াতি রোধ করা সম্ভব হবে। ইমিগ্রেশন চেকপোস্ট পেরিয়ে যাওয়া ই-পাসপোর্টধারী ব্যক্তি লাইনে না দাঁড়িয়েই স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশন শেষ করতে পারবেন।

ad

পাঠকের মতামত