৮ ফেব্রুয়ারি খালেদার রায়: জরুরি বৈঠক ডেকেছেন এরশাদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের করণীয় নিয়ে আলোচনার জন্য জরুরি প্রেসিডিয়াম বৈঠক ডেকেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।
সোমবার (৪ ফেব্রুয়ারি) এরশাদের বনানী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, দেশের রাজনীতিতে এখন উত্তাপ বিরাজ করছে। বর্তমান পরিস্থিতি, সামনের দিনগুলোতে সম্ভাব্য গতিপ্রবাহ এবং আগামী একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য জরুরি এ প্রেসিডিয়াম বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান।
বৈঠকে জাপার করণীয়, ভূমিকা ও কৌশল নিয়ে প্রেসিডিয়াম সদস্যরা মত দেবেন। সেটির ভিত্তিতে দলের আগামী কৌশল নির্ধারিত হবে বলে জানান রুহুল আমিন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। এ কারণে দেশে-বিদেশে এ রায় নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বিএনপি এই রায়ের প্রেক্ষিতে কি করবে তা নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড রকম সঙ্কা কাজ করছে। দেশে যেমন বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বৈঠক করছে, অন্যদিকে বিদেশেও এই রায়ের বিষয়টি নিয়ে প্রবাসী রাজনীতিবিদেরাও বৈঠক করে চলেছেন।
সূত্র: বিডি২৪লাইভ




