২০১৮ সালকে চ্যালেঞ্জ মনে করি না: নবনিযুক্ত আইজিপি
২০১৮ সালকে কোনো চ্যালেঞ্জ মনে করি না বলে মন্তব্য করলেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি।
মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। দেশের মানুষের জান ও মাল নিরাপত্তার যে দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে, তা আমরা সঠিকভাবে সম্পাদিত করব।
তিনি বলেন, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অকুতোভয় পুলিশ বাহিনীর সদস্যরা জীবন দিয়েছেন কিন্তু পিছপা হননি। জঙ্গিবাদকে রুখতে গিয়েও শহিদ হয়েছেন তারা। সবক্ষেত্রেই জয়ী হয়েছেন তারা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে বিশ্বাস ও আস্থা নিয়ে আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আশা করি পুলিশ বাহিনীসহ সবার সহযোগিতায় সেই বিশ্বাস ও আস্থার প্রতিদান দিতে সক্ষম হব।
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি(প্রশাসন ও অপারেশন) মো. মোখলেসুর রহমান এবং ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।




