195931

কূটনীতিকদের যা বলল বিএনপি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮ ফেব্রুয়ারির রায় নিয়ে কূটনীতিকদের বিস্তারিত জানিয়েছে দলটি। দলটির নেতারা কূটনীতিকদের বলেছেন, এ মামলার কোনো ভিত্তি নেই, বাদী পক্ষ (সরকার) কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি এবং ট্রাস্টের সঙ্গে এ মামলার কোনো সম্পৃক্ততা নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত।

সূত্র জানায়, প্রায় পঞ্চাশটি দেশের কূটনীতিকরা এ বৈঠকে অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কূটনীতিকদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানান, আগামী নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার কথা বলেছি। এছাড়াও রোহিঙ্গা ইস্যু ও চলমান রাজনীতির নানা বিষয় তুলে ধরেছি। কূটনীতিকরা বিএনপি নেতাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। বৈঠক শেষে চা চক্রেও অংশ নেন কূটনীতিকরা। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া লিখিত বক্তব্যের কপি কূটনীতিকদের দেয়া হয়।

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সহিংসতা চাই না জানিয়ে বৈঠকে অংশ নেয়া আরেক নেতা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথা বলছি। এজন্য বারবার সংলাপের আহ্বান জানাচ্ছি। কিন্তু সরকার আমাদের ডাকে সাড়া দিচ্ছে না।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, নার্থিং টু ব্রিফ। কূটনীতিকদের সঙ্গে রুটিন মাফিক আমরা এসব করি। আজকেও সেইরকম একটা মিটিং ছিল। স্পেশাল কিছু না। আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। শুধুমাত্র মতবিনিময় হয়েছে এ পর্যন্তই।

খালেদা জিয়ার রায় নিয়ে আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে মহাসচিব বলেন, আগেই বলেছি আমরা রেগুলার যে ব্রিফিং করে থাকি, সেটাই করেছি। আর সেই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অালোচনা করেছি।

বৈঠকে ভারত, পাকিস্তান, চীন, জাপান, জার্মানি, কুয়েত, স্পেন, সৌদি আরব, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ভ্যাটিক্যান, ডেনমার্ক, কানাডা, নেপাল, অস্ট্রলিয়া, মরক্কো ও লেদারল্যান্ডসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এছাড়া ইউএসএআইডি (আন্তর্জাতিক সংস্থা) প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, এনাম আহমেদ চৌধুরী, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত