খোকনকে র্যাব-৩ তুলে নিয়ে গেছে : রিজভী
বিএনপির নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে র্যাব-৩ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত পৌনে ১২টায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
অ্যাড. রিজভী সংবাদ সম্মেলনে বলেন, ‘বিএনপি নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে রাত সাড়ে ১০ টার সময় হোটেল রমনাতে তার জেলার নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যখন তিনি তাদের সঙ্গে দেখা করছেন এরই মধ্যে র্যাব-৩ কয়েকটি গাড়ি গোটা রমনা হোটেল ঘিরে রাখে। এরপর বিভিন্ন রুমে র্যাব হানা দিয়ে তাকে নামিয়ে নিয়ে আসে। পরে মাইক্রোবাস গাড়িতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমরা জানি না তার পরিস্থিতি এখন কেমন। কোথায় আছে, কোথায় রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তার বাড়ি মাদারীপুর। তিনি তার জেলার নেতা-কর্মীদের সাথে দেখা করতে যাবেন এটাই স্বাভাবিক। কিন্তু বিরোধীদলের এই স্বাভাবিক রাজনৈতিক কর্মকান্ড সহ্য করার ক্ষমতা শেখ হাসিনার নেই আওয়ামীলীগের নেই। আওয়ামীলীগের ঐতিহ্য হচ্ছে বিরোধী দলকে নিশ্চিহ্ন করা, এবং বিরোধীদলের রক্তাক্ত লাশের উপর তাদের রাজত্য কায়েম করা।’
খোকনকে র্যাবের আটক করা নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বাকস্বাধীনতা লুণ্ঠনের এই দেশে, মৌলিক মানবাধিকার চুড়ান্তভাবে স্তব্ধ করার এই দেশে, স্বাভাবিক জীবনযাপন করার অধিকার নেই। এ ধরনের ঘটনা শেখ হাসিনার শাসনের একটি দৃষ্টান্ত। উনি নাকি দেশের উন্নয়ন করছেন, উনি নাকি দেশে শান্তি শৃঙ্খলা রেখেছেন, তিনি লাশের নগরীতে পরিণত করেছেন গোটা দেশকে। জীবন্ত মানুষকে লাশ বানানোর যে উন্নয়ন সেটা একমাত্র শেখ হাসিনাই সৃষ্টি করেছেন। পৃথিবীর আর কোনো শাসক করেছেন কিনা জানি না, কিন্তু পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে, যে দেশের বিরোধী দলের নেতা কর্মীদেরকে কি করে একের পর এক লাশ তৈরি করে, সেই লাশেরই শুধু উন্নয়ন ঘটানো, এছাড়া প্রধানমন্ত্রী অন্য কিছু করতে পারেননি।’
তিনি আরও বলেন, ‘আদিম অমানবিকতার প্রতীক হচ্ছেন শেখ হাসিনা। আর শেখ হাসিনা আদিম অমানবিকতার সেই অস্ত্র নিয়ে তাড়া করছেন শুধু বিরোধী দলের নেতা কর্মীদেরকেই নয়, গোটা গণতন্ত্রকেই তাড়া করছেন, নিরুদ্দেশ করাচ্ছেন এই দেশ থেকে। কিছুদিন আগেও অমানবিকভাবে তুলে আনিসুর রহমানকে গুম করা হয়েছিল। গুমের নামে তার উপর কত নির্যাতনই না করা হয়েছিল তা ভাষায় প্রকাশ করা মুশকিল বলেও জানান তিনি।
‘আমি আনিসুর রহমান তালুকদার খোকনকে র্যাবের এভাবে তুলে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিএনপির পক্ষ থেকে। এবং অবলম্বে তার হদিস, মুক্তি এবং জনসম্মুখে, পরিবারের কাছে ফেরত দিতে হবে বলেও দাবি করেন রিজভী।
সূত্র: পরিবর্তন




