নতুন বছরে প্রথম কোটিপতি ইমরান! (ভিডিও)
বিনোদন ডেস্ক ।।
গত বছর ১৫ মে থেকে নতুন মডেল রোতসীর ‘মন খারাপের দেশে’ ভেসে বেড়াচ্ছিলেন রোমান্টিক গানের সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল।
অন্তর্জালে ভাইরাল হওয়া জনপ্রিয় এই গানটি নতুন বছরে এসে চমকে দিলো সবাইকে। ২৩ জানুয়ারি দুপুর নাগাদ সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই মিউজিক ভিডিওটি অতিক্রম করেছে এক কোটি ভিউ-এর মাইলফলক!
ইমরান জানান, ‘২০১৭ সালে বাংলাদেশে প্রকাশিত মিউজিক ভিডিওর মধ্যে এটাই প্রথম কোনো গান যা এক কোটির ঘর অতিক্রম করল।’
তিনি বলেন, ‘এটা খুবই আনন্দের খবর। বছরের শুরুতেই এমন একটি মাইলফলক ছুঁতে পেরে আমি আনন্দিত। এর কৃতিত্ব মোটেই আমার একার নয় বরং সংশ্লিষ্ট সবার। কৃতজ্ঞতা জানাই এর প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র প্রতি।’
‘আর দর্শক-শ্রোতাদের প্রতি ভালোবাসা তো থাকছেই। আমি মনে করি গত বছরে প্রকাশিত অসংখ্য গানের ভিড়ে আমাদের এই গানটি সবচেয়ে সফল- সেটাই প্রমাণ হলো ইউটিউবের এই কোটি ভিউ’র মাধ্যমে।’- বললেন ইমরান।
গানটির সুর করেছেন নাজির মাহমুদ, সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু আর লিখেছেন শরীফ আল-দীন। ইমরান ও রোতসীকে মডেল করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি মাত্র আট মাসে ইউটিউবে কোটির ঘর পেরুনো নিয়ে উচ্ছ্বসিত প্রযোজনা প্রতিষ্ঠানও।
https://www.youtube.com/watch?v=b9_ERAmYDFQ




